শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৬ ১৪৩২, ১১ রমজান ১৪৪৭

শিক্ষা

২০২৭ সালের মধ্যে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু

 প্রকাশিত: ১৯:০১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

২০২৭ সালের মধ্যে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের কাজ পরিদর্শন করতে ইতোমধ্যেই একটি শক্তিশালী টিম কাজ শুরু করেছে। ২০২৭-এর মধ্যেই তারা শিক্ষার্থী ভর্তি শুরু করতে পারবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। 

তিনি বলেন, আমরা মাদকমুক্ত জেলা হিসেবে ঠাকুরগাঁওকে গড়ে তুলতে সর্বাধিক গুরুত্ব দিয়েছি। এ জন্য জেলা প্রশাসনের নেতৃত্বে আজ থেকেই কাজ শুরু হচ্ছে।

আজ শনিবার বিকেলে জেলার সরকারি অফিস প্রধানদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, জেলায় যে হাসপাতালটি আছে সেটার সেবা উন্নত করতে গুরুত্ব আরোপ করেছি। পৌরসভার উন্নয়নকে গুরুত্ব দিয়েও কাজ শুরু করেছি। কৃষির উন্নয়ন কল্পে চলতি প্রকল্পগুলোকে গতিশীল ও এগিয়ে নেওয়ার ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। একই সাথে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। 
এ মাসের মধ্যেই প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড প্রদানের পাইলট প্রজেক্ট হিসেবে রহিমানপুর ইউনিয়নে শুরু হবে বলেও ঘোষণা দেন মন্ত্রী। 

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কিছু কর্মচারীর দুর্নীতি বিষয়ে সরকারের পদক্ষেপ প্রশ্নে তিনি বলেন, এগুলো দেখার জন্য দুদক আছে, তারা পদক্ষেপ নেবে। বিএনপি কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি আর ভবিষ্যতেও দেবে না।  

বিএনপি মহাসচিব বলেন, ছোটোখাটো নানা সমস্যার দিকে মনোনিবেশ না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। কী করে আমরা দ্রুত সামনের দিকে যেতে পারবো, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারবো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারবো, সেই বিষয়গুলোতে আমাদের নজর দেওয়া উচিত। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।