পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাল আরাকান আর্মিও
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় খলিলুর রহমানকে এবার অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারে আরাকান আর্মির প্রধান তোয়ান ম্রাত নাইং।
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীটির তরফে প্রথমবারের মত এমন শুভেচ্ছা বার্তা আসার কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
ইউনাইটেড লিগ অব আরাকানের চেয়ারম্যান ম্রাত নাইং পররাষ্ট্রমন্ত্রীকে লিখেছেন, “আশা করি, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নতুন দায়িত্ব নেওয়ার পর প্রায়োগিক, টেকসই ও বাস্তবসম্মত সমাধান খোঁজার জন্য আপনি আমাদের সঙ্গে কাজ অব্যাহত রাখবেন।
“আমাদের এখনকার সদ্ভাবের উপর ভিত্তি করে বাংলাদেশ ও আরাকানের মধ্যে নতুন ধরনের বন্ধুত্ব গড়ার সুযোগ আমাদের সামনে রয়েছে।”
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হওয়া খলিলকে শপথের পরদিনই শুভেচ্ছা জানিয়েছিলেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উ থান শোয়ে।
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে কেবল দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ রাখার যে নীতি শেখ হাসিনা সরকার নিয়েছিল, তাতে পরিবর্তন আনে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার।
বাংলাদেশে সঙ্গে মিয়ানমার সীমান্তের পুরোটা আরাকান আর্মির দখলে চলে আসার মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ তৈরির তথ্য গত বছরের এপ্রিলে দেন প্রধান উপদেষ্টার তৎকালীন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টিটিভ খলিলুর রহমান।
আরাকান আর্মির সঙ্গে সরকারের যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আসার পর এপ্রিলে জেনারেল মিন অং হ্লায়িংয়ের সরকার ঢাকায় কূটনৈতিক পত্র দিয়ে প্রতিবাদ জানায়।
সেই চিঠিতে জান্তা সরকার ‘অসন্তোষ’ প্রকাশ করে। তবে এখন অবধি বাংলাদেশ সরকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ সরকারের নীতির বিপরীত কি না- এমন প্রশ্নে খলিলুর রহমান তখন বলেছিলেন, “ওপারে সীমান্তে আরাকান আর্মি আছে। তার সঙ্গেতো আমার কাজ করতেই হবে, তাই না?”
এর মধ্যে নতুন সরকারে দায়িত্ব নেওয়ার পর দুই যোগাযোগকে কাজে লাগিয়ে রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানে চেষ্টা চালানোর কথা বলেন খলিল।
তিনি বলেছেন, “রোহিঙ্গা বিষয়ে আমাদের যে নজরটা ছিল, সেটা কোনোভাবে কমবে না, বরং বাড়বে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করেছি এবং সর্বপ্রথম আমরা আরেকান আর্মির সঙ্গে যোগাযোগ করেছি। সেই যোগাযোগগুলো অব্যাহত থাকবে। এই সমস্যার একটা আশু সমাধান করবার চেষ্টা আমরা করব। এবং আমি এ ব্যাপারে আশাবাদী।”