খুলনায় দিন দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকার এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে মোটরসাইকেলে আসা ব্যক্তিরা।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে আফিলগেট এলাকার পেট্রল পাম্পসংলগ্ন একটি গ্যারেজে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।
শেখ সোহেল (৪৫) খানজাহান আলী থানার আটরা শেখপাড়া এলাকার বাচ্চু শেখের ছেলে। তিনি মাছের ঘের ও ইন্টারনেটের ব্যবসা করতেন।
ওসি বলেন, “আফিল গেইট পেট্রল পাম্পসংলগ্ন একটি গ্যারেজে ব্যক্তিগত মোটরসাইকেল মেরামতের জন্য আসেন সোহেল। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে পরপর কয়েকটি গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহেল নিহত হন।”
ওসি বলেন, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সেখানে সিআইডির বিশেষজ্ঞ দল গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন। ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।