বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৪ ১৪৩২, ০৯ রমজান ১৪৪৭

জাতীয়

রাতে চার ঘণ্টার অভিযানে মোহাম্মদপুরে আটক ১০০

 প্রকাশিত: ১৩:৫৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

রাতে চার ঘণ্টার অভিযানে মোহাম্মদপুরে আটক ১০০

ঢাকার মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১০০ জনকে আটক করার তথ্য দিয়েছে পুলিশ।

চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদক কারবারীদের বিরুদ্ধে বুধবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত এই ‘বিশেষ অভিযান’ পরিচালিত হয় বলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান।

তিনি বলেন, রমজান মাসে জনসাধারণের “নিরাপদে রোজা পালন এবং শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদযাপন নিশ্চিত করতেই” এ অভিযান চালানো হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং, ছিনতাইকারীরা যাতে “মাথাচাড়া দিয়ে উঠতে না পারে”, সেজন্য পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে তার ভাষ্য।

পুলিশ জানিয়েছে, এই অভিযানে আটক ১০০ জন বিভিন্ন অপরাধের জড়িত। তাদের মোহাম্মদপুর ও আদাবর থানায় সোপর্দ করা হয়েছ।

২০২৪ সালের ৫ অগাস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চুরি-ছিনতাই, ডাকাতি কিংবা খুনের ঘটনায় সবচেয়ে আলোচিত মোহাম্মদপুর এলাকা। রোজকার চুরি, ছিনতাই, ডাকাতিতে অতিষ্ঠ হয়ে মোহাম্মদপুরে নাগরিকরা কয়েকদফা থানায় গিয়ে বিক্ষোভও দেখিয়েছেন।

সেই প্রেক্ষাপটে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে আসছে। এরপরেও বিভিন্ন সময়ে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্মের খবর আসছে সংবাদমাধ্যমে।