বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, চৈত্র ৫ ১৪৩২, ৩০ রমজান ১৪৪৭

ব্রেকিং

তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

খেলা

রোমাঞ্চ আর নাটকীয়তায় ড্রয়ে শেষ মিলান ডার্বি

 প্রকাশিত: ০৭:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০২৫

রোমাঞ্চ আর নাটকীয়তায় ড্রয়ে শেষ মিলান ডার্বি

আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই হলো জমজমাট। তিনবার জালে বল পাঠিয়েও ইন্টার মিলান গোল পেল না অফসাইড আর ফাউলের কারণে। তাদের তিনটি প্রচেষ্টা বাধা পেল পোস্টেও। আরেকটি ডার্বি জয়ের দুয়ারে যখন এসি মিলান, তখনই রোমাঞ্চে ঠাসা লড়াইয়ে নাটকীয় মোড়। যোগ করা সময়ে গোল পেয়ে হার এড়াল ইন্টার।

সান সিরোয় রোববার রাতে সেরি আর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে টিয়ানি রেইন্ডার্স এসি মিলানকে এগিয়ে নেওয়ার পর ৯৩তম মিনিটে সমতা টানেন স্টেফান ডি ভ্রেই।

গত সেপ্টেম্বরে দুই দলের প্রথম দেখায় ২-১ গোলে জিতেছিল এসি মিলান, চলতি আসরে ইন্টারের একমাত্র হার সেটিই।

এবারের লড়াইয়ে প্রথমার্ধে ফেদেরিকো দিমার্কো ও লাউতারো মার্তিনেস এসি মিলানের জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।

৪২তম মিনিটে ‘ডেডলক’ ভাঙেন রেইন্ডার্স। রাফায়েল লেয়াওয়ের কোনাকুনি শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি বল ছয় গজ বক্সের বাইরে থেকে জোরাল শটে জালে পাঠান ডাচ মিডফিল্ডার।

৬৪তম মিনিটে আরেকবার বল জালে পাঠান বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার মার্তিনেস। এবার ফাউলের বাঁশি বাজান রেফারি।

৬৭তম মিনিটে ডিফেন্ডার ইয়ান বিসেকের হেড, ৮২তম মিনিটে মার্কাস থুরামের ভলি ও যোগ করা সময়ের প্রথম মিনিটে ডেনজেল ডামফ্রিসের শট; ইন্টারের তিনটি প্রচেষ্টাই বাধা পায় একই পোস্টে!

অবশেষে পাঁচ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোলের দেখা পায় ইন্টার। সতীর্থের ক্রসে দূরের পোস্টে ডিফেন্ডার নিকোলা জালেবস্কি বুক দিয়ে নামিয়ে বল দেন আরেক ডিফেন্ডার ডি ভ্রেইকে, বাঁ পায়ের শটে গোল করে দলকে উল্লাসে ভাসান তিনি।

২২ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইন্টার মিলান। সমান ম্যাচে ৯ জয় ও ৮ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে এসি মিলান।