উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর
রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে ব্যাটারির রিকশা থেকে রাস্তায় পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মুক্তা আক্তার (২১) বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামের আব্দুল জলিলের মেয়ে। বছর দুই আগে গার্মেন্টসকর্মী লিমন হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকে স্বামীর সঙ্গে দক্ষিণখান এলাকায় ভাড়া বাসায় থাকছিলেন।
স্বজনরা বলছেন, বৃহস্পতিবার দক্ষিণখানের বাসা থেকেই ঈদের কেনাকাটা করতে বেরিয়েছিলেন মুক্তা। রিকশায় বসা অবস্থায় তার ভ্যানিটি ব্যাগ ধরে প্রাইভেটকার থেকে টান দেয় ছিনতাইকারীরা। সেসময় সড়কে পড়ে তিনি গুরুতর আহত হন। এরপর তিনটি হাসপাতাল ঘুরে দুপুর ২টার দিকে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, “তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।”
ঢাকা মেডিকেলে মুক্তার স্বামী লিমন হোসেন বলেন, রাস্তায় পড়ে যাওয়ার পর পথচারী ও রিকশার অপর যাত্রী মুক্তাকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা ‘দেরি হওয়ায়’ টঙ্গীতে আহসানউল্লাহ মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় পঙ্গু হাসপাতালে। চতুর্থ দফায় পঙ্গু হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
তুরাগ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “আমরা ঢাকা মেডিকেল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানতে পারিনি।”