সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণ: ৮০ ঘণ্টা ধীর গতি থাকতে পারে ইন্টারনেট
পটুয়াখালীর কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন ‘কেবল সি-মি-উই-৫’ রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার রাত থেকে আগামী সোমবার সকাল পর্যন্ত ৮০ ঘণ্টা দেশে ইন্টারনেটে ‘ধীরগতি’ থাকতে পারে।
বাংলাদেশ সাবমেরিন কেবলস (বিএসসি) পিএলসি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সি-মি-উই-৫’ এর কনসোর্টিয়াম ‘এস.ওয়ান.ফাইভ.ওয়ান শান্ট ফল্ট রিপেয়ার’ কার্যক্রম শুরু করছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়ে শেষ হবে ১৩ এপ্রিল সকাল ৬টায়।
মোট ৮০ ঘণ্টার এ কার্যক্রম চলাকালে ইন্টারনেট ট্রাফিকে প্রভাব ফেললে ওই সাবমেরিন কেবল দিয়ে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। ফলে গ্রাহকরা ইন্টারনেটের ‘ধীরগতি’ অথবা সেবায় ‘আংশিক বিঘ্নের’ সম্মুখীন হতে পারেন।
রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলার সময় অপর সাবমেরিন ক্যাবল ‘সি-মি-উই-৪ (কক্সবাজার)’ এর মাধ্যমে সেবা অব্যাহত রাখা হবে।
দেশের মোট ইন্টারনেট ট্রাফিকের বেশিরভাগটাই সরকারি এই দুটো সাবমেরিন কেবলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। ফলে একটি কেবলে ট্রাফিক বন্ধ থাকলে দেশের সার্বিক ইন্টারনেট ব্যবস্থায় বিঘ্ন ঘটে।
এর মধ্যে দেশের কয়েকটি বেসরকারি কোম্পানির একটি কনসোর্টিয়াম আরেকটি সাবমেরিন কেবলে যুক্ত হতে চাইলেও বিগত অন্তর্বর্তী সরকারের সময় তা অনুমোদন পায়নি।