সেনেগালের ট্রফি কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
মঙ্গলবার চমকপ্রদ সিদ্ধান্তে সেনেগালের কাছ থেকে আফ্রিকান নেশন্স কাপের (আফকন) শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। দুই মাস আগে অনুষ্ঠিত বিশৃঙ্খল ফাইনালের পর এমন সিদ্ধান্ত সকলকে অবাক করেছে।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে সেনেগাল।
গত ১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত ফাইনালে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের শেষ দিকে স্বাগতিক মরক্কোকে পেনাল্টি দেওয়া হলে প্রতিবাদ জানিয়ে সেনেগালের কয়েকজন খেলোয়াড় মাঠ ছেড়ে চলে যান, যা ব্যাপক বিতর্কের জন্ম দেয়।
পরে অধিনায়ক সাদিও মানের আহ্বানে খেলোয়াড়রা আবার মাঠে ফিরে আসেন। মরক্কো সেই পেনাল্টি মিস করে এবং অতিরিক্ত সময়ে পাপে গুইয়ের গোলে সেনেগাল ১-০ ব্যবধানে জয় পায়।
সিএএফ জানিয়েছে, মরক্কোর আপিল পর্যালোচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের মতে সেনেগাল জাতীয় দল ম্যাচটি পরিত্যাগ করেছে। এ কারনে ফলাফল আনুষ্ঠানিকভাবে ৩-০ ব্যবধানে মরক্কোর পক্ষে গণ্য করা হয়েছে।
সিএএফ আপিল কমিটি আফকন নিয়মের ৮২ ও ৮৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়। সেখানে বলা আছে, কোনো দল যদি “রেফারির অনুমতি ছাড়া ম্যাচ শেষ হওয়ার আগে মাঠ ত্যাগ করে”, তবে সেটিকে পরাজিত ধরা হবে এবং চলমান প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হবে।
এছাড়া নিয়ম ভঙ্গকারী দলকে ৩-০ ব্যবধানে ম্যাচে পরাজিত হিসেবে গণ্য করা হবে।
রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন (এফআরএমএফ) এক বিবৃতিতে জানায়, তাদের আপিল প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলার জন্য নয়, বরং নিয়ম প্রয়োগের দাবি জানাতেই করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, “ফেডারেশন নিয়মের প্রতি সম্মান, প্রতিযোগিতার স্বচ্ছতা এবং আফ্রিকান ফুটবলের স্থিতিশীলতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।”
সেনেগাল ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দ্রুতই কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে আপিল করবে।
তারা এক বিবৃতিতে জানায়, “সেনেগাল ফুটবল ফেডারেশন এই অন্যায়, নজিরবিহীন এবং অগ্রহণযোগ্য সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছে, যা আফ্রিকান ফুটবলের সুনাম ক্ষুন্ন করেছে।”
শিরোপা কেড়ে নেওয়ার ঘোষণার পর সেনেগালের বেশ কয়েকজন খেলোয়াড় সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান।
ফরাসি ক্লাব লিঁওর ডিফেন্ডার মুসা নিয়াখাতে ট্রফি হাতে নিজের একটি ছবি পোস্ট করে লেখেন “ওরা পাগল”, যা সিএএফকে ইঙ্গিত করে বলা হয়েছে।
ফাইনালের পরপরই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সেনেগালের কিছু খেলোয়াড়ের আচরণকে অগ্রহণযোগ্য বলে সমালোচনা করেছিলেন।
তিনি বলেছিলেন, “এভাবে মাঠ ছেড়ে যাওয়া গ্রহণযোগ্য নয়। খেলাধুলায় সহিংসতা কখনোই মেনে নেওয়া যায়না।”
জানুয়ারির শেষ দিকে সিএএফ উভয় দেশের ফুটবল ফেডারেশনের ওপর অসৌজন্যমূলক আচরণ ও ফেয়ার প্লে আইন লঙ্ঘনের কারণে জরিমানাসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।