সাবেক মার্কিন পাইলটকে গ্রেফতার করা হলো।
অনুমতি ছাড়া চীনা সামরিক সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মার্কিন বিমানবাহিনীর সাবেক একজন ফাইটার পাইলটকে বুধবার গ্রেফতারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ৬৫ বছর বয়সী জেরাল্ড ব্রাউনকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে গ্রেফতার করা হয়েছে। তিনি সম্প্রতি চীন থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন। ২০২৩ সালের ডিসেম্বর থেকে তিনি চীনে অবস্থান করছিলেন।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই তিনি ‘বিদেশি নাগরিকদের সঙ্গে ষড়যন্ত্র করে চীনা বিমানবাহিনীর পাইলটদের যুদ্ধবিমান পরিচালনার প্রশিক্ষণ দিয়েছেন।’
মার্কিন বিমানবাহিনীতে তিনি ২৪ বছরের কর্মজীবন কাটান। এ সময়ে তিনি ‘পারমাণবিক অস্ত্র বহন ব্যবস্থা সংশ্লিষ্ট সংবেদনশীল ইউনিটের নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ মিশন পরিচালনা করেছেন এবং বিভিন্ন ধরনের ফাইটার ও আক্রমণাত্মক বিমানে ফাইটার পাইলট প্রশিক্ষক ও সিমুলেটর প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।’
ব্রাউন ১৯৯৬ সালে সামরিক বাহিনী থেকে অবসর নেন। পরে তিনি কার্গো পাইলট হিসেবে কাজ করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ঠিকাদার হিসেবে এ-১০ এবং অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বে যুক্ত হন।
অভিযোগ রয়েছে, তিনি ২০২৩ সালের আগস্টে স্টিফেন সু বিনের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনা শুরু করেন। সু বিন একজন চীনা নাগরিক। আরেকটি গুপ্তচরবৃত্তি মামলায় ২০১৬ সাল থেকে চার বছর তিনি যুক্তরাষ্ট্রে কারাভোগ করেন। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে ব্রাউন প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে চীন সফর করেন।
এফবিআইয়ের কাউন্টারইন্টেলিজেন্স ও গুপ্তচরবৃত্তি বিভাগের কর্মকর্তা রোমান রোজাভস্কি বলেন, ‘চীন সরকার যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যদের দক্ষতাকে কাজে লাগিয়ে তাদের সামরিক সক্ষমতা আধুনিকায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘এই গ্রেফতার একটি সতর্কবার্তা। এফবিআই ও আমাদের অংশীদাররা আমাদের প্রতিপক্ষের সঙ্গে যোগসাজশে যারা আমাদের সেনাসদস্যদের ক্ষতি করতে ও জাতীয় নিরাপত্তা বিপন্ন করতে চায়, তাদের জবাবদিহিতার আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চালাবে।’