শরীয়তপুরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত
শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার কাছে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন।
রোববার ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জমাদ্দার মোড়ে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন পুলিশের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ।
নিহত ইব্রাহিম সিপাহী (৩০) শরীয়তপুর সদরের সোনামুখী এলাকার হাফিজউদ্দিন সিপপাহীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে ভোরে ৫টার দিকে লগি-বৈঠা, দেশীয় অস্ত্র হাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন দলটির নেতাকর্মীরা।
নেতাকর্মীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। বিভিন্ন স্লোগান দেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এক পর্যায়ে এ কর্মসূচি প্রতিহত করতে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে।
দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পাঁচ শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। অগ্নিসংযোগ করা হয় ফুড এক্সপ্রেস রেস্টুরেন্ট, পদ্মা ফুড ভ্যালি রেস্টুরেন্টসহ কয়েকটি বাস কাউন্টারে। পুড়িয়ে দেওয়া হয় অন্তত ২৫টি মোটরসাইকেল। ভাঙচুর ও আগুন দেওয়া হয় বিএনপির তৈরি করা প্যান্ডেলে।
প্রায় ঘণ্টাব্যাপি এ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান ইব্রাহিম সিপাহী। আহত হয়েছেন অন্তত ২০ জন।
এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ স্থানে সরে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে বিক্ষোভকারীরাও সড়ক থেকে সরে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বলেন, সকালে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। পুলিশ ধৈর্য ধরে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।