কিশোরগঞ্জ-৩: উপনির্বাচনেও জামায়াতের প্রার্থী জেহাদ খান
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী হচ্ছেন জেহাদ খান, যিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনেও দলটির প্রার্থী হয়েছিলেন।
বৃহস্পতিবার রাতে ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, “কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার বিষয়েও নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আসন্ন উপনির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী জেহাদ খানই প্রার্থী থাকবেন।”
জামায়াত প্রার্থী জেহাদ খান দুইবারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হন ওসমান ফারুক। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের জেহাদ খান পান ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট।
শারীরিক অসুস্থতার কারণে ওসমান ফারুক পদত্যাগ করায় ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করা হয়। সেই হিসাবে ১৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
এদিকে নির্বাহী পরিষদের বৈঠকের বিষয়ে জামায়াত জানিয়েছে, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের মতবিনিময় এবং কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন দলের আমির শফিকুর রহমান।
প্রধানমন্ত্রীর সঙ্গে চলমান সংলাপে এনসিপির পর জোটগতভাবে আলোচনায় বসার সিদ্ধান্ত বৈঠকে হয়েছে বলে জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, জোটগত সংলাপে এনসিপিও অংশ নেবে।