রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 29 নভেম্বর 2026, 06:43 সকাল • 1 বার পঠিত
পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজার একসময় ক্যাসিনোতে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, “ক্যাপিটাল মার্কেট, স্টক মার্কেট কমপ্লিটলি ক্যাসিনোতে পরিণত হয়েছিল। আমরা যখন রিফর্ম করলাম, রেগুলেট করলাম, একটা নিউ সেট অব কমিশন করলাম ইন্ডিপেন্ডেন্টলি, নন পলিটিকাল।”

রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সাধারণ অর্থনীতি বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

দেশের কর্মসংস্থান পরিস্থিতির উন্নয়নে আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানান অর্থমন্ত্রী।

এ লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি খাতের পাশাপাশি বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) সমন্বয় ঘটানোর কথা বলেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমরা এক কোটি এমপ্লয়মেন্টের কথা বলেছি। আমরা একটা মোর দেন টার্গেট অ্যাসপিরেশন যে আমরা মনে করছি যে এক কোটি লোকের চাকরি দেওয়ার প্রয়োজন।”

পাঁচ বছর মেয়াদি এই কৌশলগত কাঠামো বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তৈরি করা হয়নি জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ২০১৬ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ‘ভিশন ২০৩০’, পরবর্তী সময়ে ২৭ দফা এবং আন্দোলনের শরিকদের মতামতের ভিত্তিতে প্রণীত ৩১ দফার ধারাবাহিকতায় এই পরিকল্পনা তৈরি হয়েছে।

বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি), এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) মতো উন্নয়ন সহযোগীরা এই কাঠামোর সঙ্গে একমত বলে জানান তিনি।

জ্বালানি আমদানিতে বাড়তি ব্যয়

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে ‘পুনরুদ্ধারের পর্যায়’ হিসেবে বর্ণনা করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, সরকার এখন অর্থনীতির বিভিন্ন সংকট সামাল দেওয়ার চেষ্টা করছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমরা এখন রিকভারি স্টেজে আছি। আমরা ফায়ার ফাইটিং করতেছি।

“একটা তেলের লট, গ্যাসের লট কিনতে আমাদের রক্তক্ষরণ হয়। দুই গুণ, তিন গুণ বেশি দামে কিনতেছি। ইমপোর্টিং ইনফ্লেশনের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই।”

সরকারের বিভিন্ন শুল্ক ছাড় ও পদক্ষেপের ফলে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৪ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে দাবি করে তিনি বলেন, মূল্যস্ফীতি আরও কমানোর লক্ষ্য রয়েছে।

বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা কম থাকলেও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই পরিস্থিতি মেনে নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।

সরকার পরিচালনায় স্বচ্ছতার ওপর জোর

সরকার পরিচালনায় সম্পূর্ণ স্বচ্ছতা বা ‘ওপেন গভর্নমেন্ট’ নীতির ওপর গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, “এখানে লুকানোর কোনো প্রয়োজন নাই। লুকিয়ে কোনো সরকার চালানো যায় না এবং লুকাতে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সরকার।”

ব্যাংকিং খাতের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আপনাদের টাকা গ্যারান্টি আমরা দিচ্ছি। টাকা আপনারা ফেরত পাবেন।”

ইতোমধ্যে ব্যাংকের প্রতি আমানতকারীদের আস্থা ফিরতে শুরু করেছে এবং ব্যাংকে নিট আমানত বাড়ছে বলেও দাবি করেন তিনি।

পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়ের তাগিদ

কর্মশালায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, দেশে অনেক পরিকল্পনা নেওয়া হলেও সেগুলোর যথাযথ বাস্তবায়ন হয় না। আবার পরিকল্পনার মধ্যেও নানা সমস্যা থাকে।

এ কারণে পরিকল্পনার মধ্যে সমন্বয় এবং বাস্তবায়নের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “নির্বাচনি ইশতেহার ও পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর আলোকে কর্মসূচি এবং গুচ্ছ প্রকল্প নেওয়া হচ্ছে; যাতে প্রকল্পগুলো বিচ্ছিন্নভাবে গ্রহণ না করে সমন্বিতভাবে বাস্তবায়ন করা যায় এবং কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায়।”

কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সচিব মনজুর হোসেন।