মজুরি নিয়ে সংবাদ সম্মেলনে হট্টগোল, স্লোগান দিয়ে বেরিয়ে গেল এনসিপি
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে সরকারের সংবাদ সম্মেলনে হট্টগোল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে শ্রম ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বক্তব্য দিতে গেলে চিৎকার-চেঁচামেচি শুরু করেন তারা।
এর আগে শ্রমিক নেতা ও সংসদ সদস্য শিমুল বিশ্বাসের বক্তব্য শেষে শ্রমিক শক্তির নেতারা পেছন থেকে নিজেদের বক্তব্য দেওয়ার সুযোগ চান। তবে তাদের কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে মাহদী আমিনকে মাইক্রোফোন দেওয়া হলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, “এটি সংবাদ সম্মেলন।”
এর জবাবে শ্রমিক শক্তির এক নেতা বলেন, “বক্তব্য দিতে না দিলে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে কেন?”
একজন বলেন, “আমরা কথা বলব। গাজীপুরে যখন শ্রমিককে গুলি করা হচ্ছে, তখন এখানে মিটিং হচ্ছে। আমরা সেই কথা বলতে চাই। শুধু আপনাদের কথা বললে হবে না, আমাদের কথা শুনুন।”
এ সময় তারা ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগান দিতে থাকেন।
শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির, সদস্য সচিব রিয়াজ মোর্শেদ, মুখ্য সংগঠক আরমান হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সংগঠক মামুন চাকলাদার এসময় বাকবিতণ্ডায় জড়ান।
শিমুল বিশ্বাস তাদের থামানোর চেষ্টা করলেও তাতে পরিস্থিতি শান্ত হয়নি। একপর্যায়ে ‘বয়কট, বয়কট’ স্লোগান দিয়ে সম্মেলন কক্ষ ত্যাগ করেন এনসিপির নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, বোর্ডের মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন মাহমুদ, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।