মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
প্রযুক্তি

সাইবার হামলার অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার মামলা

আতাউল্লাহ পলাশ • 17 নভেম্বর 2026, 08:28 সকাল • 2 বার পঠিত
সাইবার হামলার অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার মামলা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। প্রতিষ্ঠানটির এআই এজেন্টগুলো নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ‘হাগিং ফেস’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে সাইবার হামলা চালিয়ে জননিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছে বলে অভিযোগ করেছে অঙ্গরাজ্যটির সরকার।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা সোমবার সান ফ্রান্সিসকোর সুপিরিয়র কোর্টে মামলাটি করেন। এতে অভিযোগ করা হয়েছে, জনসাধারণের নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা ও নজরদারি ছাড়াই ওপেনএআই জেনেশুনে তাদের পরীক্ষামূলক প্রযুক্তি তৈরি ও পরীক্ষা করেছে।

৩১ পৃষ্ঠার মামলার নথিতে চলতি বছরের জুলাই মাসের একটি ঘটনার উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ওপেনএআইয়ের মডেলের পরীক্ষামূলক সংস্করণগুলো ইন্টারনেটে প্রবেশ করে এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসে সাইবার হামলা চালায়।

এক বিবৃতিতে রব বন্টা বলেন, ‘হাগিং ফেসে হামলার ঘটনাটি ওপেনএআইয়ের অভ্যন্তরীণ এমন এক কর্মসংস্কৃতির অনিবার্য পরিণতি, যেখানে নিরাপত্তা ও জবাবদিহির চেয়ে ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং দ্রুত এআই মডেল তৈরিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এটি এমন ৮০টি পরিচিত ঘটনার মধ্যে মাত্র একটি।’

তিনি আরও বলেন, ‘ক্যালিফোর্নিয়ায় আমরা উদ্ভাবনকে স্বাগত জানাই। তবে পণ্য বা প্রতিষ্ঠান যে ধরনেরই হোক না কেন, আমরা চাই উদ্ভাবন অবশ্যই আইন মেনে পরিচালিত হোক।’

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, যথাযথ নিরাপত্তাব্যবস্থার অভাব, জননিরাপত্তার বিষয়টি উপেক্ষা, পর্যাপ্ত তদারকি ছাড়াই ঝুঁকিপূর্ণ প্রযুক্তির পরীক্ষা এবং ভোক্তা ও সাধারণ মানুষের কাছে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার মাধ্যমে ওপেনএআই অঙ্গরাজ্যটির আইন লঙ্ঘন করেছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে ওপেনএআইয়ের মুখপাত্র ড্রু পুসাতেরি বলেন, ‘এআই মডেলের অনাকাঙ্ক্ষিত ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া কর্মকাণ্ড সম্পর্কে বোঝা এবং সেগুলো মোকাবিলায় আমরা ব্যাপক ও স্বচ্ছ উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এই মামলায় মনে হচ্ছে, এমন একটি সমস্যার জন্য শুধু ওপেনএআইকে আলাদাভাবে দায়ী করা হচ্ছে, যে চ্যালেঞ্জের মুখোমুখি বিশ্বের সব বড় এআই গবেষণাপ্রতিষ্ঠানই হয়েছে।’

প্রযুক্তি খাতের উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ওপেনএআইয়ের বিরুদ্ধে এটি সর্বশেষ আইনি জটিলতা।

এর আগে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় সংঘটিত একটি ভয়াবহ স্কুলে বন্দুক হামলায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে প্রাদেশিক সরকার। অভিযোগ করা হয়েছে, হামলাকারী চ্যাটজিপিটি ব্যবহার করে সহিংস কর্মকাণ্ডের বিষয়ে তথ্য দিলেও ওপেনএআই কর্তৃপক্ষ বিষয়টি যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়নি।


#আন্তর্জাতিক #বাসস