একদিনে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীসহ ৫২৬ জন গ্রেপ্তার
মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতির সময় মশাল, ককটেল ও লাঠিসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫০ জন সদস্যসহ ঢাকার ৫২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।
মঙ্গলবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, গত ২৪ ঘন্টায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নিয়মিত অভিযানের অংশ হিসাবে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
এই সময়ে ৪৫টি মামলা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে পুলিশের রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৮৯ জন, মতিঝিল বিভাগ ৭১ জন, তেজগাঁও বিভাগ ৭৩ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেপ্তার করে।
অভিযানে ১টি চাপাতি, ১টি দা, ৩টি ককটেল, ২টি বিস্ফোরিত বোমার অংশ বিশেষ, ৬৫০ গ্রাম গাঁজা, ৩৪৯৯পিস ইয়াবা, ২টি মোটরসাইকেল, ১টি সিএনজি ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।
আগের ২৪ ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীসহ ৪৮০ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছিল পুলিশ।