মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

এপেক সম্মেলনে যেসব গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করবেন বিশ্বনেতারা

আতাউল্লাহ পলাশ • 17 নভেম্বর 2026, 08:31 সকাল • 2 বার পঠিত
এপেক সম্মেলনে যেসব গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করবেন বিশ্বনেতারা

পারমাণবিক অস্ত্র থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করবেন বিশ্বনেতারা। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে চলতি সপ্তাহে চীনে সমবেত হচ্ছেন তারা।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের বহুল প্রতীক্ষিত ত্রিপক্ষীয় বৈঠকের দিকে সবার নজর রয়েছে। এ সম্মেলনে যেসব বিষয় আলোচনায় আসতে পারে, তা তুলে ধরেছে এএফপি।

বাণিজ্য-

বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠেয় অর্থনৈতিক নেতাদের বৈঠকে বাণিজ্য উত্তেজনা বড় হয়ে দেখা দিতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপ করে বিশ্ব বাণিজ্যব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছেন। এর জবাবে চীনও পাল্টা শুল্ক আরোপ করেছে এবং গুরুত্বপূর্ণ পণ্য রপ্তানি বন্ধের হুমকি দিয়েছে।

গত বছর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বাণিজ্যযুদ্ধ সাময়িকভাবে স্থগিত রাখতে একটি ভঙ্গুর সমঝোতায় পৌঁছান। তবে আগামী জানুয়ারিতে ওই সমঝোতার মেয়াদ শেষ হবে।

সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (এনটিইউ) ডিলান লোহ এএফপিকে বলেন, ‘এ মুহূর্তে সবচেয়ে বড় লক্ষ্য হলো নতুন করে আগ্রাসী শুল্ক আরোপ ও বাণিজ্যযুদ্ধ শুরু হওয়া ঠেকানো। বড় কোনো চুক্তি বা অর্জন এই মুহূর্তে প্রধান লক্ষ্য নয়।’

এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের (এএসপিআই) গবেষক লিজি লি বলেন, নেতাদের অগ্রাধিকার হবে বাণিজ্যবিষয়ক সমঝোতা টিকিয়ে রাখা। বিশেষ করে আগামী ডিসেম্বরে মায়ামিতে জি-২০ সম্মেলনে ট্রাম্প ও সি চিনপিংয়ের আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

কানাডার মতো দেশগুলোও বাণিজ্য অংশীদারত্ব বাড়ানোর চেষ্টা করবে। এর মধ্যে চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের বিষয়টিও রয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে চায় দেশগুলো।

ইউক্রেন-

এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার সি চিনপিং, ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বেইজিং।

চীন জানিয়েছে, তিন নেতা ‘বিশ্বশান্তি রক্ষা’ নিয়ে আলোচনা করবেন। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, বৈঠকে ট্রাম্পের রাশিয়ার ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ তোলার সম্ভাবনা নেই।

এদিকে আলোচনায় ইউক্রেন উপেক্ষিত হওয়ার আশঙ্কা করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের মধ্যে এমন বৈঠক ‘পুতিনকে এই যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহিত করবে’।

নিরপেক্ষ অবস্থানের কথা বলে আসা চীন কখনোই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানায়নি। বরং দেশটি শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে।

এনটিইউ’র ডিলান লোহ বলেন, ‘যুদ্ধের ক্ষেত্রে রাশিয়ার নিজস্ব লক্ষ্যগুলোর প্রতি বেইজিং সম্মান দেখাবে। একই সঙ্গে এ বিষয়ে আরও প্রভাব বিস্তারের জন্য ইউরোপের ক্রমবর্ধমান আহ্বানের মধ্যে ভারসাম্য বজায় রাখবে।’

এএসপিআইয়ের লিজি লির মতে, ত্রিপক্ষীয় বৈঠক থেকে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন পুতিন।

তিনি বলেন, ‘ট্রাম্প ও সি চিনপিংয়ের সঙ্গে একই আলোচনার টেবিলে বসার সুযোগই রাশিয়ার আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে ইউরোপের নিরাপত্তা নিয়ে বৃহৎ শক্তিগুলোর মধ্যে আরও বিস্তৃত সমঝোতার আলোচনার পথ তৈরি হতে পারে।’

পারমাণবিক অস্ত্র-

এপেক সম্মেলনে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের বিষয়টি সামনে আনতে আগ্রহী ট্রাম্প প্রশাসন। চীনের দ্রুত সম্প্রসারিত পারমাণবিক অস্ত্রভাণ্ডারের সমালোচনাও করেছে ওয়াশিংটন।

তবে বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্প, পুতিন ও সি চিনপিংয়ের মধ্যে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি হওয়ার সম্ভাবনা কম।

লিজি লি বলেন, ‘বেইজিংয়ের দৃষ্টিতে আলোচনার শুরুতেই দুই পক্ষের মধ্যে মৌলিক অসমতা রয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডার অনেক বড়। আর নিজেদের বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা সক্ষমতা নিশ্চিত করতে চীন তার অস্ত্রভাণ্ডার বাড়ানোকে প্রয়োজনীয় বলে মনে করে।’

ওয়াশিংটন বারবার অভিযোগ করেছে, চীন গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। ভবিষ্যতে যেকোনো অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে বেইজিংকে অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিশ্বের প্রধান দুই পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’-এর মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়। এরপর চীনকে অন্তর্ভুক্ত করে আরও ‘উন্নত চুক্তি’ করার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানায় ওয়াশিংটন।

তবে সে সময় নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানায় বেইজিং।

এদিকে, ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সম্ভাব্য বৈঠক নিয়েও জল্পনা বাড়ছে। পারমাণবিক আলোচনা শুরু করতে পিয়ংইয়ংয়ের প্রতি বারবার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

কৃত্রিম বুদ্ধিমত্তা-

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও নিয়ন্ত্রণে আরও কার্যকর নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশ। সামরিক ক্ষেত্রে এআইয়ের সম্ভাব্য ব্যবহার এবং নিয়ন্ত্রণহীন স্বয়ংক্রিয় প্রযুক্তির ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে।

গত সেপ্টেম্বরে ওয়াশিংটনে ট্রাম্প ও সি চিনপিংয়ের বৈঠকে এআই বিষয়ে যে ‘যোগাযোগ চ্যানেল’ প্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয়েছিলেন, চীন ও যুক্তরাষ্ট্রের আলোচনা সেখান থেকেই এগিয়ে যেতে পারে।

সিডনির ইউনিভার্সিটি অব টেকনোলজির মারিনা ঝাং বলেন, ‘পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত কোন ঘটনাকে আনুষ্ঠানিকভাবে জানানোর মতো ঘটনা হিসেবে বিবেচনা করা হবে, কারা যোগাযোগের দায়িত্বে থাকবেন, কত দ্রুত সতর্কবার্তা জানাতে হবে এবং স্পর্শকাতর সক্ষমতার তথ্য প্রকাশ না করেই কীভাবে তথ্যের সত্যতা যাচাই করা যাবেÑএসব বিষয়ে একমত হওয়া।’

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সি চিনপিং, পুতিন ও ট্রাম্প পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণব্যবস্থায় এআই ব্যবহারের বিষয়েও আলোচনা করতে পারেন।

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন ও সি চিনপিং ২০২৪ সালে একমত হয়েছিলেন যে, পারমাণবিক অস্ত্র ব্যবহারের যেকোনো সিদ্ধান্ত মানুষের নিয়ন্ত্রণেই থাকতে হবে, এআইয়ের হাতে নয়।

লিজি লি এএফপিকে বলেন, ‘এ বিষয়ে এগিয়ে যাওয়ার মতো অভিন্ন ভিত্তি রয়েছে।’

তিনি বলেন, ‘প্রশ্ন হলো, তারা কি শুধু সাধারণ একটি বিবৃতির মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত কোনো পদক্ষেপের দিকে এগোতে পারবেন?’

তার মতে, অস্ত্র কমানোর চুক্তির তুলনায় এ বিষয়ে সমঝোতায় পৌঁছানো বেইজিংয়ের জন্য অনেক সহজ হবে। একই সঙ্গে পারমাণবিক অস্ত্রের বিষয়ে কাউকে নিজের অবস্থান পরিবর্তনে বাধ্য না করেই ট্রাম্পকে ঘোষণার মতো কিছু দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।


#আন্তর্জাতিক #বাসস