‘ঘাতক রোবট’ নিয়ন্ত্রণে বিধিমালা প্রণয়নে জাতিসংঘে শুরু হচ্ছে আলোচনা
স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থার ওপর আইনগতভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক বিধিনিষেধ আরোপের বিষয়ে আলোচনা শুরুর প্রস্তাব নিয়ে সোমবার থেকে জাতিসংঘে বিতর্কে বসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সমালোচকদের ভাষায় এসব অস্ত্র ‘কিলার রোবট’ বা প্রাণঘাতী রোবট হিসেবে পরিচিত। যুদ্ধক্ষেত্রে এ ধরনের অস্ত্রের ব্যবহার ক্রমাগত বাড়তে থাকায় উদ্বেগও বাড়ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতিকে কাজে লাগিয়ে সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে বিভিন্ন দেশের সেনাবাহিনী। এর ফলে যুদ্ধের ধরনেও বড় ধরনের পরিবর্তন আসছে। এআই প্রযুক্তির সহায়তায় আগের তুলনায় আরও দ্রুত ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তু শনাক্ত এবং আঘাত হানার সক্ষমতা অর্জনের চেষ্টা চলছে।
তবে মানবাধিকারকর্মী থেকে শুরু করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং পোপ চতুর্দশ লিও পর্যন্ত অনেকেই সম্পূর্ণ স্বয়ংক্রিয় যন্ত্রের হাতে মানুষের জীবন-মৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুলে দেওয়ার বিপদ সম্পর্কে সতর্ক করেছেন।
আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) অস্ত্র ও যুদ্ধ পরিচালনা ইউনিটের প্রধান লরাঁ জিসেল বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের ফলে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে উঠেছে।
প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া প্রাণঘাতী প্রভাব ফেলতে সক্ষম সম্পূর্ণ স্বয়ংক্রিয় ড্রোন ব্যবহার করেছে। অন্যদিকে, ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা শিল্পও স্বয়ংক্রিয় ‘ড্রোনের ঝাঁক’ বা ড্রোন সোয়ার্ম তৈরির চেষ্টা চালাচ্ছে।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, চলতি সপ্তাহে জেনেভায় প্রচলিত অস্ত্রবিষয়ক জাতিসংঘ কনভেনশনের (সিসিডব্লিউ) পর্যালোচনা সম্মেলনে কার্যকর সিদ্ধান্ত নেওয়া না হলে বেসামরিক মানুষ ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে।
এই সম্মেলনে ১২৮টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থার ওপর আইনগতভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক বিধিমালা প্রণয়নে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।
কঠোর নিয়ন্ত্রণে অনীহা শক্তিধর দেশগুলোর
অনেক দেশ স্বয়ংক্রিয় অস্ত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের পক্ষে থাকলেও পারমাণবিক অস্ত্রের মতো উন্নত সামরিক প্রযুক্তির ক্ষেত্রেও দেখা যায়, যেসব দেশ এসব প্রযুক্তির মালিক বা ব্যবহারকারী, তারা নিজেদের সামরিক সক্ষমতার ওপর বিধিনিষেধ আরোপে অনাগ্রহী।
গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বিধিমালা প্রণয়নের বিষয়ে আলোচনার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। এতে ১৬৩টি দেশ সমর্থন দেয়।
তবে পাঁচটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, বেলারুশ, ইসরাইল ও উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া গত সপ্তাহেই কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন নতুন একটি টর্পেডো ব্যবস্থা তৈরির কথা জানিয়েছে।
এ ছাড়া ইরান, সৌদি আরব ও চীনসহ নয়টি দেশ ভোটদানে বিরত ছিল।
ফ্রান্সের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের গবেষক লর দ্য রুসি-রশগন্দ বলেন, চীন এ বিষয়ে ‘সতর্কভাবে তৈরি করা অস্পষ্ট অবস্থান’ বজায় রেখেছে।
যুক্তরাষ্ট্র পাঁচ বছর মেয়াদি একটি প্রক্রিয়ার মাধ্যমে আইনগতভাবে বাধ্যতামূলক নয়—এমন একটি আন্তর্জাতিক দলিল তৈরির প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, বিভিন্ন বেসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটি এ বিষয়ে এক বছরের মধ্যে আলোচনা শেষ করার পক্ষে।
২০২৩ সালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রেসিডেন্ট মিরজানা স্পোলিয়ারিচ এগার ২০২৬ সালের আগেই স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ করার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন।
আইসিআরসি স্বয়ংক্রিয় অস্ত্রের দুটি শ্রেণি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে—যেসব স্বয়ংক্রিয় অস্ত্রের আচরণ বা কার্যক্রম আগে থেকে অনুমান করা যায় না এবং যেসব অস্ত্র সরাসরি মানুষকে লক্ষ্যবস্তু করার জন্য তৈরি বা ব্যবহার করা হয়।
তবে আন্তর্জাতিক অঙ্গনের প্রভাবশালী সামরিক শক্তিগুলোর বিরোধিতার কারণে চলতি সপ্তাহের সম্মেলনে আইনগতভাবে বাধ্যতামূলক বিধিমালা প্রণয়নের আলোচনা শুরুর বিষয়ে ঐকমত্যে পৌঁছানো কঠিন হবে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।