শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
প্রযুক্তি

সাইবার হামলা নয়, অতিরিক্ত চাপে বসে গেল মাইক্রোসফটের সার্ভার, আরও যা জানা গেল

মোহাম্মদ খাইরুল আমিন • 13 নভেম্বর 2026, 11:05 দুপুর • 4 বার পঠিত
সাইবার হামলা নয়, অতিরিক্ত চাপে বসে গেল মাইক্রোসফটের সার্ভার, আরও যা জানা গেল

মাইক্রোসফটের পরিষেবায় বড় ধরনের বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে ইমেইল, এআইভিত্তিক পণ্যসহ বিভিন্ন সেবায় মারাত্মক বিঘ্ন ঘটেছে।

কিছু পরিষেবা পুরোপুরি অচল হয়ে পড়েছে বলে এক প্রতিবেদেনে জানিয়েছে বিবিসি।

বিভিন্ন অনলাইন সেবার পরিস্থিতি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুসারে, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টার দিকে বিশ্বজুড়ে মাইক্রোসফটের ইমেইল সেবা ‘আউটলুক’ নিয়ে অভিযোগের সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজারে গিয়ে ঠেকে।

মাইক্রোসফট বলেছে, এই বিভ্রাটের পেছনে কোনো সাইবার নিরাপত্তা সংক্রান্ত হামলার ঘটনা নেই। তবে সমস্যা কাটিয়ে ওঠার প্রচেষ্টা এখন পর্যন্ত তেমন একটা সফল হয়নি।

কয়েক হাজার ব্যবহারকারীকে ভোগান্তিতে ফেলা এই বৈশ্বিক বিভ্রাট সামাল দিতে হিমশিম খাচ্ছে মাইক্রোসফট। কোম্পানিটি বলছে, সমস্যা সমাধানের উদ্যোগগুলো ‘প্রত্যাশা অনুযায়ী’ এগোচ্ছে না।

কোন কোন সেবার ওপর প্রভাব পড়েছে?

মাইক্রোসফট বলেছে, ‘টিমস’, ‘আউটলুক’ ও তাদের এআইভিত্তিক সফটওয়্যার ‘কোপাইলট’সহ ‘মাইক্রোসফট ৩৬৫’-এর বিভিন্ন সেবা বিভ্রাটের মুখে পড়েছে।

এদিকে, ব্যবহারকারীরা সেবা পাওয়ার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মাত্রার সমস্যার কথা বলেছেন। অনেকেই ইমেইল পাঠাতে পারছেন না বা পাচ্ছেন না। আবার কেউ কেউ ক্যালেন্ডার অ্যাপে থাকা নির্দিষ্ট কিছু তথ্য দেখতে পাচ্ছেন না।

তবে কিছু ব্যবহারকারী স্বাভাবিকভাবেই ‘টিমস’ ব্যবহার করতে পারছেন ও আগের মতোই মেসেজিং ও অনলাইন মিটিংয়ের কাজ চালিয়ে যাচ্ছেন।

কত মানুষ ভোগান্তিতে পড়েছে?

এই বিভ্রাটের ব্যাপ্তি বা কত মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তা এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

তবে ‘ডাউনডিটেক্টর’-এর পরিসংখ্যান বলছে, বিশ্বের ৭৪টি দেশ থেকে অন্তত ১ লাখ ৪০ হাজার মানুষ আউটলুক ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন।

মাইক্রোসফটের নিজস্ব ওয়েবসাইট বলছে, বিশ্বজুড়ে ৪৩ কোটির বেশি মানুষ ‘মাইক্রোসফট ৩৬৫’-এর অ্যাপগুলো ব্যবহার করেন। অসংখ্য আন্তর্জাতিক কোম্পানি দৈনন্দিন কাজে এই সফটওয়্যারের ওপর নির্ভরশীল হওয়ায় এর প্রভাবে অন্যান্য সেবাও ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে।

এআই প্রযুক্তি খাতের দুই শীর্ষ কোম্পানি ‘ওপেনএআই’ ও ‘অ্যানথ্রপিক’ বলেছে, মাইক্রোসফটের এই বিভ্রাটের জেরে তাদের সেবাতেও সমস্যা দেখা দিয়েছে।

চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআই বলেছে, মাইক্রোসফটের পরিষেবার সঙ্গে তাদের সংযোগে তৈরি হওয়া একটি ত্রুটি তারা খতিয়ে দেখছে, যার কারণে তাদের কিছু টুল প্রত্যাশা অনুসারে কাজ করছে না।

সিঙ্গাপুর সরকার ও অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থাসহ বিশ্বের বিভিন্ন সরকারি দপ্তর এবং পরিষেবা সংস্থাও এই বিভ্রাটের শিকার হওয়ার কথা বলেছে।

এ ছাড়া যুক্তরাজ্যের বেশ কয়েকটি চিকিৎসাকেন্দ্র সম্ভাব্য সমস্যার বিষয়ে সতর্কতা দিয়েছে। কোনো কোনো চিকিৎসাকেন্দ্র রোগীদের ইমেইল বা ওয়েব ফর্মের বদলে জরুরি প্রয়োজনে সরাসরি ফোনে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

ঠিক কী ঘটেছিল?

মাইক্রোসফট এ ঘটনার পেছনে কোনো সাইবার হামলার আশঙ্কা নাকচ করে দিয়েছে। চলমান এই বিভ্রাটের জন্য তারা নিজেদের অবকাঠামোর ওপর তৈরি হওয়া অতিরিক্ত চাপ বা ‘এলিভেটেড লোড’-কে দায়ী করেছে।

প্রযুক্তির ভাষায় ‘এলিভেটেড লোড’ বলতে এমন এক পরিস্থিতিকে বোঝানো হয়, যখন সার্ভারগুলো এদের স্বাভাবিক সক্ষমতার চেয়ে বেশি পরিমাণে চাপ সামলাতে বাধ্য হয়।

মাইক্রোসফটের ভাষ্য, এই বিভ্রাটের ক্ষেত্রে তাদের বিপুলসংখ্যক সার্ভার ‘অপ্রত্যাশিতভাবে অচল’ হয়ে পড়েছিল। ফলে বাড়তি সব ট্র্যাফিক বা তথ্য আদান-প্রদানের চাপ গিয়ে পড়ে অবশিষ্ট সচল বিভিন্ন সার্ভারের ওপর, যা সেগুলোকেও বিপর্যস্ত করে তোলে।

শুক্রবার সকালে মাইক্রোসফট বলেছে, এই সংকট ঠেকাতে তাদের প্রচেষ্টায় ‘সামান্য অগ্রগতি’ দেখা গেছে।

সর্বশেষ হালনাগাদ তথ্যে কোম্পানিটি বলেছে, সার্ভারের বর্তমান অবস্থা মূল্যায়ন করতে ও সক্ষমতা বাড়াতে কী কী পদক্ষেপ নেওয়া যায় তা নির্ধারণে তারা বিভিন্ন অঞ্চলের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এর আগে, এক বিবৃতিতে মার্কিন সফটওয়্যার জায়ান্টটি বলেছিল, সমস্যা সমাধানে তাদের নেওয়া পদক্ষেপগুলো ‘প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না’।

বিশেষজ্ঞরা কী বলছেন?

অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট বলেছেন, এই বিভ্রাটের সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে।

“মাইক্রোসফট ইন্টারনেটের মূল কাঠামোর বিশাল অংশ এবং এ বিভ্রাটের বিষয়টি আমাদের আবারও মনে করিয়ে দিয়েছে, ইমেইল এখনও কতটা গুরুত্বপূর্ণ।

“এই বিভ্রাটের ফলে কেবল অসংখ্য মানুষের দাপ্তরিক কাজই ব্যাহত হচ্ছে না, বরং জরুরি অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যোগাযোগ, যাচাইকরণের প্রয়োজন হয় এমন কেনাকাটা এবং বিভিন্ন অ্যাকাউন্ট ও সেবা তৈরি বা ব্যবহারের মতো বিষয়গুলোও থমকে গেছে।”

নিউ জিল্যান্ডভিত্তিক পরামর্শক কোম্পানি ‘গরিলা টেকনোলজি’র পল স্পেইন বলেছেন, ইমেইল ও প্রয়োজনীয় সেবাগুলো অফলাইন বা বন্ধ হয়ে থাকায় কোম্পানিগুলো কার্যত একটি কর্মদিবস হারিয়েছে, যা ব্যবহারকারীদের জন্য বেশ ‘হতাশাজনক’।