বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, নদীতে নিখোঁজ ১

মোহাম্মদ খাইরুল আমিন • 26 নভেম্বর 2026, 09:40 সকাল • 3 বার পঠিত
মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, নদীতে নিখোঁজ ১

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তারের জেরে মুন্সীগঞ্জের চরাঞ্চলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও অন্তত পাঁচ জন আহত হয়েছেন।

এ ছাড়া রজতরেখা নদীতে ঝাঁপিয়ে পড়ে একজন নিখোঁজ আছেন।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া আর সামারচরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে আওলাদ মোল্লা ও রহিম মোল্লার মধ্যে বিরোধ দীর্ঘ দিনের। এর জেরে আগেও দুপক্ষ সংঘর্ষে জড়িয়েছে।

এর মধ্যে আওলাদ মোল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এবং রহিম মোল্লাও বিএনপি নেতা; তারা দুজনেই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বলে স্থানীয়রা জানিয়েছে।

স্থানীয় ও প্রতক্ষ্যদর্শীরা জানান, সকালে বিএনপির দুই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ আর থেমে থেমে গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়া সেলিম মোল্লাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর অবস্থায় আরও অন্তত পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এছাড়া নিরাপদ আশ্রয়ের খোঁজে সাঁতরে রজতরেখা নদী পার হওয়ার সময় গুলি ছোড়া হলে আলমগীর নামে একজন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে তাকে উদ্ধারে নদীতে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে বন্ধ রয়েছে দোকানপাট। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত দুইপক্ষের কারোই বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত ১২ নভেম্বর দুই পক্ষের সংঘর্ষে ৫ গুলিবিদ্ধসহ আহত হয় ১০ জন।

মুন্সীগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ বলেন, “এলাকায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের বিরোধ দীর্ঘ দিনের। আমরা বৃহস্পতিবার সকালে খবর পাই মোল্লাকান্দিতে তারা আবার সংঘর্ষে জড়িয়েছে। সেখানে একজন মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে পুলিশের একাধিক টিম সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ”

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে।

এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য একাধিক টিম কাজ করছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।