শেখ হাসিনার ফাঁসির আদেশ নিয়ে সীমান্তে অপেক্ষা করবো: দুলু
জাতীয় সংসদের হুইপ ও বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির আদেশ নিয়ে বিভিন্ন সীমান্তে লাখো মানুষ অপেক্ষা করবে।
বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা ও হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যার নির্দেশে ১ হাজার ৮০০ ছাত্র, শ্রমিক, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে, দেশের মাটিতে তার বিচার হতেই হবে।
তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশে ফিরলে সোনামসজিদ, যশোর, লালমনিরহাট, জয়পুরহাট ও বাংলাবান্ধাসহ দেশের বিভিন্ন সীমান্তে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ লাখো মানুষ ফাঁসির আদেশ নিয়ে তাকে রিসিভ করার জন্য অপেক্ষা করবে।
জেলখানার ভেতরে নয়, বরং ঢাকা স্টেডিয়ামে জনতার সামনে প্রকাশ্যে বিচারের দাবিও জানান তিনি।গত ১৫ বছরে নাটোরের উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুসহ তাঁর ১০ জন নেতাকর্মীকে প্রকাশ্যে হত্যার অভিযোগ তুলে দুলু বলেন, ২০০৮ সালের নির্বাচনে তাঁকে আটকে রাখা হয়েছিল এবং তাঁর স্ত্রীর বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল।
ওই সময় সেনাবাহিনীর পক্ষ থেকে খালেদা জিয়াকে ক্ষমতায় আসার প্রস্তাব দেওয়া হলেও তিনি শর্ত মেনে ক্ষমতা নিতে রাজি হননি।গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে জাতীয় সংসদের এই হুইপ বলেন, দীর্ঘ ২০-২২ বছর পর মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে।
স্বাধীনতার পর এই প্রথম কোনো ধরনের সংঘাত ও প্রাণহানি ছাড়া অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে।বিগত সরকারের সময়ে লুটপাট ও অর্থ পাচারের অভিযোগ এনে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের নেতাদের ব্যবসা-বাণিজ্য এখনো বন্ধ হয়নি। এসব ব্যবসার আয় ও ভাড়ার টাকা প্রতি মাসে ভারতে যাচ্ছে এবং তা দিয়ে দেশে ককটেল-বোমা হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের মতো নাশকতা চালানো হচ্ছে। এ বিষয়ে প্রশাসন ও পুলিশকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে দুলু বলেন, প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন মানুষের ভাগ্যের পরিবর্তন এবং ঢাকার যানজটসহ নাগরিক সমস্যা সমাধানের জন্য। এই কাজ বাধাগ্রস্ত করতেই নতুন করে ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক মতভেদ থাকলেও ফ্যাসিবাদ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জামায়াতে ইসলামী, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দুলু।
উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এছাহাক আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্বাস আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য খোন্দকার আকবর হোসেন, আরাফাত রহমান কোকো পরিষদের সদস্য নাছিমা ইসলাম চৌধুরী এবং ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি এ কে এম রকিবুল ইসলাম।