বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

সোনার দাম এবার ভরিতে বাড়ল ১০৫০ টাকা

মোহাম্মদ খাইরুল আমিন • 26 নভেম্বর 2026, 09:38 সকাল • 3 বার পঠিত
সোনার দাম এবার ভরিতে বাড়ল ১০৫০ টাকা

সোনার দাম প্রায় প্রতিদনই হেরফের হচ্ছে; এই বাড়ছে, তো ওই কমছে।

একদিনের ব্যবধানে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আর তাতে ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকায়। অন্যান্য মানের সোনার দামও বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার থেকে সারা দেশে নতুন এ দরে বিক্রি হচ্ছে।

বুধবার ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়েছিল বাজুস; ভরি নেমেছিল ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকায়।

তার আগে দুই দিনে দুই দফায় ২২ ক্যারেট মানের সোনার দাম ভরিতে ৪ হাজার ৭২৪ টাকা বেড়েছিল। এর মধ্যে সোমবার বেড়েছিল ৩ হাজার ১৪৯ টাকা; মঙ্গলবার বাড়ে ১ হাজার ৫৭৫ টাকা।

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও টানা পড়ছিল সোনার দর। দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেটের সোনার দাম ৩৪ হাজার ৭০০ টাকা কমেছিল। ওই পতনে এক বছর পর গত ২২ নভেম্বর ২২ ক্যারেট মানের সোনার ভরি ২ লাখ টাকার নিচে নেমে আসে।

বাজুসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের ৬ অক্টোবর দেশের বাজারে প্রথমবারের মত ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ টাকা ছাড়ায়।

এর পর আরও কয়েক দফা বেড়ে ২০ অক্টোবর ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় উঠেছিল। এর পর নিম্মমুখী হয় বাজার; ২৯ অক্টোবর ২ লাখ টাকার নিচে ১ লাথ ৯৩ হাজার ৮০৯ টাকায় নেমে আসে।

একদিন না যেতেই ৩০ অক্টোবর ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়ানো হয়; ভরি ফের ২ লাখ টাকা ছাড়িয়ে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায় ওঠে।

এর পর থেকে ২ লাখ টাকার উপরেই ছিল ২২ ক্যারেট সোনার ভরি।

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে দেশের বাজারে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা পর্যন্ত উঠেছিল। এটি ছিল দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম।

এরপর থেকে দাম বাড়ানো-কমানোর মধ্য দিয়ে দেশের বাজারে সোনার লেনদেন চলছে।

কতটা বাড়ল

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৬ হাজার ৯৬৫ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়ছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।

২১ ক্যারেটের এক ভরি কিনতে লাগছে ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকায় বিক্রি হচ্ছে।

বুধবার সারা দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেট মানের সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকায়।

১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৩১ হাজার ৬২৪ টাকা।

সেই হিসাবে ২৪ ঘণ্টার ব্যবধানে ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ৯৯১ টাকা, ১৮ ক্যারেটের ৮৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭০০ টাকা বেড়েছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

যেভাবে ২ লাখ টাকার নিচে ভরি

তিন দফায় মোট ১২ হাজার ৭২ টাকা বাড়ানোর পর গত ৫ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় উঠেছিল।

পরদিন ৬ নভেম্বর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। তাতে দাম নেমে আসে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়।

১১ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা; ভরি নামে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। ১২ নভেম্বর কমানো হয় ২ হাজার ২১৬ টাকা; নামে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়।

১৩ নভেম্বর কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা; ভরি নেমে আসে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়। পরের দিন ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা কমানো হয়; ভরি নামে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায়।

১৮ নভেম্বর আরও ২ হাজার ২১৬ টাকা কমানো হয়; ভরি নামে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকায়। পরের দিন ১৯ নভেম্বর একই পরিমাণ কমানো হয়; ভরি নামে ২ লাখ ১২ হাজার ১১০ টাকায়।

২০ নভেম্বর কমানো হয় রেকর্ড পরিমাণ ১০ হাজার ৯৬৪ টাকা; ভরি নেমে আসে ২ লাখ ১ হাজার ১৬৬ টাকায়।

একদিন না যেতেই ২১ নভেম্বর আরও ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়; তাতেই ভরি ২ লাখ টাকার নিচে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায় নেমেছিল।

সব মিলিয়ে দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩৪ হাজার ৭০০ টাকা কমেছিল।

বিশ্ববাজার

চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছিল। ওই দিন স্পট মার্কেটে দাম এক পর্যায়ে ৫ হাজার ৫৯১ ডলার ৬১ সেন্টে ওঠে। পরে প্রতি আউন্সের দাম হয় ৫ হাজার ৫৩৮ ডলার ৬৯ সেন্ট।

বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রভাবে ওই দিনই বাংলাদেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল।

এরপর আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। সাম্প্রতিক সময়ে টানা দরপতনের মধ্যে গত ৩০ অক্টোবর স্পট মার্কেটে (আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক স্বর্ণের দাম) সোনার দাম ৪ হাজার ডলারের নিচে নেমে আসে।

এরপর ঊর্ধ্বমুখী হয়েছিল বাজার। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পর ডলারের দরপতন ও বন্ডের সুদের হার কমায় বিশ্ববাজারে সোনার দর আরও বেড়েছিল।

তবে ১০ নভেম্বর বিশ্ববাজারে সোনার দাম প্রায় ৩ শতাংশ কমে যায়। পরের দিন (১১ নভেম্বর) কিছুটা ঘুরে দাঁড়ায় মূল্যবান এই ধাতু।

এর পর থেকে পতনের ধারাতেই ছিল। গত কয়েক দিন ওঠানামা করছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগের দিনের বড় দরপতনের পর বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির উচ্চহার-সংক্রান্ত তথ্যের কারণে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় সোনার বাজারে চাপ অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ০৫টা ১২ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৯১ ডলার ৩৭ সেন্টে দাঁড়িয়েছে।

এর আগে বুধবার এক ধাক্কায় কমে ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এদিন প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৫০০ ডলারের ‘গুরুত্বপূর্ণ’ স্তরের নিচে নেমে আসে, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য সোনার ফিউচার মূল্য ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৫৮৯ ডলার ৫০ সেন্টে উঠেছে।

রুপার দাম অপরিবর্তিত

দেশের বাজারে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম।হলমার্ক করা ২২ ক্যারেট রূপার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। প্রতি ভরি কিনতে লাগছে ৩ হাজার ৩৩ টাকা।