বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকা পড়া ১৩ শ্রমিকের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 26 নভেম্বর 2026, 09:39 সকাল • 3 বার পঠিত
ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকা পড়া ১৩ শ্রমিকের মৃত্যু

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভূগর্ভস্থ একটি অবৈধ সোনার খনি পানিতে প্লাবিত হওয়ার পর সেখানে আটকা পড়া শ্রমিকদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে।

খনিটিতে এখনও আটকা পড়ে থাকা আরও ১৩ শ্রমিককে উদ্ধারের লক্ষ্যে বৃহস্পতিবার তল্লাশি অভিযান ফের শুরু করা হয়েছে; পুলিশ ও কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে রয়টার্স।

রাজধানী জাকার্তা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বোগোর জেলার উন্মুক্ত সোনার খনিটির সুড়ঙ্গ সোমবারের প্রবল বৃষ্টিতে প্লাবিত হয় আর ভূগর্ভের ৩২৮ ফুট গভীরে ২৬ জন শ্রমিক আটকা পড়েন।

পশ্চিম জাভা পুলিশের প্রধান হেংকি রয়টার্সকে জানান, যে ১৩ জন মারা গেছেন তাদের মধ্যে ছয়জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। আবহাওয়া খারাপ না হলে বৃহস্পতিবার তল্লাশি অভিযান অব্যাহত রাখা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, খনিটির প্রবেশ পথটি অত্যন্ত সরু আর বৃষ্টিতে পিচ্ছিল হয়ে থাকায় সেখানে প্রবেশ করা এমনিতেই কঠিন, তার মধ্যে পুরো সুড়ঙ্গটি অন্ধকার হয়ে আছে।

ইন্দোনেশিয়ার তল্লাশি ও উদ্ধার সংস্থা জানিয়েছে, উদ্ধারকারীরা খনির দুটি সুড়ঙ্গের ওপর বিশেষ নজর দিচ্ছেন এবং ভেতরে প্রবেশের জন্য দড়ি ব্যবহার করছেন; তবে খনিটির ৩২৮ ফুট গভীরতা তল্লাশি অভিযানকে জটিল করে তুলেছে।

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়ায় ক্ষুদ্র পরিসরে এবং অবৈধভাবে খননকাজের ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দেশটির খনিজ সম্পদগুলো এমন সব দুর্গম এলাকায় অবস্থিত যে সেখানে কর্তৃপক্ষের পক্ষে নজরদারি চালানো বেশ কঠিন।

স্থানীয় সংবাদমাধ্যম 'দেতিক' এর প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে বোগোরেরই পৃথক একটি এলাকায় প্রায় ৩০টি অবৈধ সোনার খনির গর্ত বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। গত জানুয়ারিতে একই এলাকার আরেকটি অবৈধ সোনার খনিতে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় বেশ কয়েকজন শ্রমিক নিহত হয়েছিল।

ওই অঞ্চলে সোনা উত্তোলন কার্যক্রম পরিচালনাকারী রাষ্ট্রীয় খনি সংস্থা 'অ্যান্টাম' জানিয়েছে, দুর্ঘটনাটি একটি অননুমোদিত খনিতে ঘটেছে আর সেটি তাদের কার্যক্রমের অংশ ছিল না।