বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

আতাউল্লাহ পলাশ • 14 অক্টোবর 2026, 12:24 দুপুর • 5 বার পঠিত
ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

রাতভর ইউক্রেনের ৯০২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী মস্কোর আশপাশে ধ্বংস করা হয়েছে ১৮০টি ড্রোন।

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাতভর প্রায় ২০টি অঞ্চল ও রাশিয়ার সঙ্গে সংযুক্ত ক্রিমিয়া উপদ্বীপজুড়ে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিবৃতিতে বলা হয়, ‘গত রাতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ৯০২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।’

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর দিকে এগিয়ে আসার সময় ১৮০টি ড্রোন ধ্বংস করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কোকে লক্ষ্য করে চালানো সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি এটি।

ড্রোন হামলার কারণে মস্কোর বিমানবন্দরগুলোর কার্যক্রম ব্যাহত হয়েছে। 

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভনুকোভো বিমানবন্দরে আট ঘণ্টারও বেশি সময় ধরে ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চল এবং খারকিভ অঞ্চলে জ্বালানি ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে ‘দূরবর্তী লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম অস্ত্র দিয়ে ব্যাপক হামলা’ চালানো হয়েছে।