মার্কিন বিমানবাহিনীর সিস্টেম হ্যাকিংয়ের শিকার, নিরাপত্তা নিয়ে উদ্বেগ নাকচ পেন্টাগনের
মার্কিন বিমানবাহিনীর ক্লাউডভিত্তিক কম্পিউটার ব্যবস্থায় সাইবার হামলার খবর প্রকাশিত হওয়ার পর দেশটির সামরিক বাহিনী তাদের কম্পিউটার নেটওয়ার্কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নাকচ করেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোয় একের পর এক সাইবার হামলার খবরের মধ্যে সর্বশেষ এ ঘটনা সামনে এলো।
মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’ প্ল্যাটফর্ম হ্যাক হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পেন্টাগন সরাসরি হ্যাকিংয়ের ঘটনা অস্বীকার করেনি।
তবে শুক্রবার রাতে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, ‘প্রতিরক্ষা দপ্তরের ব্যবস্থাগুলো নিরাপদ ও সুরক্ষিত। বিশ্বের সেরা বিশেষজ্ঞ ও দলগুলো ২৪ ঘণ্টা এসব ব্যবস্থার তদারকি করছেন। আমরা আমাদের সব গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম ও অ্যাপ্লিকেশনের কার্যক্রম সচল রাখব।’
এর আগে শুক্রবার প্রতিরক্ষা দপ্তরের আরেক কর্মকর্তা বলেন, ‘নীতিগত ও কার্যক্রমের নিরাপত্তার স্বার্থে আমাদের নেটওয়ার্কের অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করে না প্রতিরক্ষা দপ্তর।’
মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজ শুক্রবার এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে সাইবার হামলা হয়েছে। এ হামলার ফলে সামরিক বাহিনীর স্পর্শকাতর তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সও এ হ্যাকিংয়ের খবর প্রকাশ করে।
মার্কিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশকারী ‘ফেডারেল নিউজ নেটওয়ার্ক’ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজনের বরাত দিয়ে হ্যাকিংয়ের খবর নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুর দিকে সিস্টেমটির রক্ষণাবেক্ষণের কাজ করার সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা হ্যাকিংয়ের বিষয়টি শনাক্ত করেন।
যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোয় সাম্প্রতিক সময়ে একের পর এক বড় ধরনের সাইবার হামলা ও প্রযুক্তিগত বিপর্যয়ের খবর পাওয়া যাচ্ছে।
গত কয়েক সপ্তাহে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও তদন্ত সংস্থা এফবিআইয়ের ব্যবস্থাও হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।
এ ছাড়া জেপিমরগান চেজ, ভিসা ও মাস্টারকার্ডের মতো বড় মার্কিন আর্থিক প্রতিষ্ঠানের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোও সাইবার হামলার শিকার হয়েছে।
তবে অন্যান্য কিছু ঘটনায়—যেমন মাইক্রোসফট আউটলুকের বড় ধরনের সেবা-বিভ্রাট, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যা এবং চলতি মাসের শুরুতে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) একটি গোপন নেটওয়ার্কে ত্রুটির খবর—কর্মকর্তারা এসব সমস্যার জন্য সাইবার হামলাকে দায়ী করেননি। বরং রক্ষণাবেক্ষণজনিত সমস্যা বা প্রযুক্তিগত ত্রুটির কথা বলেছেন।
সাইবার হামলা ও প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনা শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ নয়।
গত সপ্তাহে ইউরোপীয় কমিশন জানায়, গত অক্টোবরে তাদের ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাইবার হামলা চালানো হয়েছিল।
এদিকে, বৃহস্পতিবার এএফপিও সাইবার হামলার শিকার হয়। এর ফলে সংবাদ সংস্থাটির গ্রাহকসেবার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।