যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং দিবসে ঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন কয়েক লাখ মানুষ
থ্যাংকসগিভিং দিবসে আঘাত হানা ঝড়ে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের পর শুক্রবারও দেশটির কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। বৈরী আবহাওয়ার কারণে নিউইয়র্কের বিখ্যাত ম্যাসিস থ্যাংকসগিভিং প্যারেডের আয়োজনেও ব্যতিক্রমী বিঘ্ন ঘটে।
বৃহস্পতিবারের ঝড়ে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যায়। বছরের অন্যতম ব্যস্ত ছুটির মৌসুমে এ ঝড়ে নিউ হ্যাম্পশায়ার থেকে নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিভিন্ন স্থানে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। বিদ্যুৎ বিভ্রাটের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএস-এর হিসাবে, শুক্রবারও প্রায় পাঁচ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জনিয়েছে।
বিমান চলাচলেও বিঘ্ন অব্যাহত ছিল। ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৬০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ৫০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেনসিলভানিয়া। সেখানে প্রায় ১ লাখ ২২ হাজার মানুষ বিদ্যুৎবিহীন ছিলেন।
মিসৌরিতে ঝড়ের কারণে প্রায় ৭২ হাজার মানুষ বিদ্যুৎবিহীন ছিলেন। রাজ্যটির পূর্বাঞ্চলে ঝড়ের সময় ১৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়।
নিউইয়র্কে প্রায় ৪৫ হাজার মানুষ তখনো বিদ্যুৎবিহীন ছিলেন। বৈরী আবহাওয়ার কারণে ম্যাসিসের থ্যাংকসগিভিং ডে প্যারেড পিছিয়ে শনিবার নির্ধারণ করা হয়েছে। ১০০ বছরের ইতিহাসে আবহাওয়ার কারণে এই প্রথম প্যারেডটি স্থগিত করা হলো।
বিশ্বজুড়ে দর্শক আকৃষ্ট করা এ বার্ষিক আয়োজনের অন্যতম আকর্ষণ ম্যানহাটনের কেন্দ্রস্থলজুড়ে বর্ণিল বিশাল বেলুনের শোভাযাত্রা। যুক্তরাষ্ট্রে ছুটির মৌসুমের কেনাকাটারও সূচনা হয় এ আয়োজনের মধ্য দিয়ে।
প্যারেডটি সর্বশেষ বড় ধরনের বিঘ্নের মুখে পড়েছিল ১৯৭১ সালে। সেবার প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি ও বাতাসের কারণে ডোনাল্ড ডাকসহ জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন চরিত্রের আদলে তৈরি বেলুন ওড়ানো সম্ভব হয়নি।
১৯৯৭ সালে প্রবল বাতাসে ‘ক্যাট ইন দ্য হ্যাট’ চরিত্রের একটি বিশাল বেলুন সড়কবাতির খুঁটিতে ধাক্কা দেয়।
এতে খুঁটিটি এক নারীর ওপর পড়ে। ওই নারী প্রায় এক মাস কোমায় ছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিলিয়ামের সংকটের কারণে ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত প্যারেডটি পুরোপুরি বাতিল করা হয়েছিল।