পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে : ডা. শাহাদাত হোসেন
পবিত্র আল কোরআন ও হাদিসের নৈতিক শিক্ষায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলে সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ইভটিজিং ও মাদকের মতো সামাজিক অপরাধ দূর করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, শুধু পবিত্র কোরআন আরবিতে তিলাওয়াত করলেই হবে না, এর অর্থ ও মর্মবাণী অনুধাবন করে জীবনে ধারণ করতে হবে। একইভাবে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রেখে যাওয়া সুন্নাহ ও হাদিসের শিক্ষাও আত্মস্থ করতে হবে। পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে শিশুদের নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে একটি দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও টেকসই সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
আজ বিকেলে আগ্রাবাদ আবদুল্লাহ কনভেনশন হলে হাকিমুল উম্মাহ আদর্শ বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে সপ্তমবারের মতো শিক্ষা প্রদর্শনী, বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা ও মেধা বিকাশে বিভিন্ন প্রদর্শনী এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চসিক প্রশাসক বলেন, আজকের শিশুরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে। তাই শৈশব থেকেই তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এইচ এম এম আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেকান্দর, আকোয়ার সভাপতি এস মোস্তফা আলম সরকার, সাধারণ সম্পাদক খন্দকার বেলায়েত হোসেন।
বৃহত্তর আগ্রাবাদের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিন, মাদ্রাসার অভিভাবক, শুভানুধ্যায়ী ও মহিব্বিন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।