জাহাজে ইরানের মাইন হামলার খবরে বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে আগের দিনের দরবৃদ্ধির ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এশিয়ার প্রাথমিক লেনদেনে তেলের দাম বাড়ে।
ইয়েমেনের হুথিরা সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবি করেছে। একই সময়ে হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনে অন্তত দুটি জাহাজ আঘাতপ্রাপ্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০ সেন্ট বা ০.১ শতাংশ বেড়ে ৯৪ ডলার ৭১ সেন্টে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩৫ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ ডলার ৩ সেন্টে ওঠে।
তবে যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির কারণে বৃহস্পতিবার ডব্লিউটিআইয়ের লেনদেনের নিষ্পত্তি হবে না।বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ৩.৫ শতাংশ বেড়েছিল।
অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছিল ২ শতাংশ। ওই দিন ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিরা সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার এবং রিয়াদের আর্থিক জেলায় হামলার দাবি করে।সৌদি আরবের বৃহত্তম এই তেল শোধনাগার এমন একটি স্থাপনা কমপ্লেক্সের অংশ, যা দেশটির অপরিশোধিত তেল রপ্তানির অন্যতম প্রধান টার্মিনাল হিসেবেও কাজ করে। বিশ্লেষকদের ধারণা, হুথিদের সর্বশেষ হামলার কারণে ভূরাজনৈতিক ঝুঁকি আরও বাড়বে।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। যুদ্ধ শুরুর আগের অবস্থার কাছাকাছি পর্যায়ে তেল সরবরাহ পুনরুদ্ধার হচ্ছিল এই প্রণালি দিয়ে।
আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি ইরানি সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, বুধবার প্রণালির একটি ‘নিয়ন্ত্রিত এলাকায়’ নৌমাইনে আঘাত লেগে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, বুধবার হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয়েছে।
এ বিষয়ে এএনজেডের বিশ্লেষক ড্যানিয়েল হাইনস বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত বিস্তৃত হওয়ায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেল সরবরাহ পুনরুদ্ধারের প্রক্রিয়া থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত সপ্তাহে পারস্য উপসাগর থেকে অপরিশোধিত তেল রপ্তানি বেড়েছে, তবে সামগ্রিকভাবে তা নিম্নমুখী ধারায় রয়েছে।
এদিকে ২০২৭ সালের উৎপাদন নীতি নির্ধারণে আগামী ২৯ নভেম্বর ধারাবাহিক কয়েকটি বৈঠকে বসবেন ওপেক প্লাসের মন্ত্রীরা। সংযুক্ত আরব আমিরাত জোট থেকে বেরিয়ে যাওয়ার পর উৎপাদন সমন্বয়ের পাশাপাশি ইরাক ও কাজাখস্তানের উৎপাদন সক্ষমতার প্রাক্কলন বাড়ানোর চাপ সামলানোও তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) তথ্য অনুযায়ী, ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত ১ কোটি ১০ লাখ ব্যারেল নয়, বরং ১১ লাখ ব্যারেল বেড়ে ৪১ কোটি ৮৯ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের পূর্বাভাস ছিল, মজুত ১৫ লাখ ব্যারেল বাড়বে। প্রত্যাশার চেয়ে কম মজুত বৃদ্ধিও তেলের দাম বাড়াতে ভূমিকা রেখেছে।