সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

আতাউল্লাহ পলাশ • 16 নভেম্বর 2026, 05:28 সকাল • 7 বার পঠিত
ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ

মধ্যপ্রাচ্য সংকট ও আঞ্চলিক বিরোধপূর্ণ বিষয়গুলো মোকাবিলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ নিয়ে অভিন্ন অবস্থান খুঁজে বের করার চেষ্টার মধ্য দিয়ে রোববার ম্যানিলায় গুরুত্বপূর্ণ আসিয়ান শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিচ্ছেন।

ম্যানিলা থকে এএফপি জানায়, সম্মেলনের শেষ পর্যায়ের কাছাকাছি সময়ে মঙ্গলবার ট্রাম্পের ম্যানিলায় পৌঁছানোর কথা রয়েছে। এ সফরে তিনি কোয়াডের অন্য তিন সদস্যদেশ ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করবেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম চার দেশের নেতারা একসঙ্গে বৈঠকে বসবেন।

তবে রোববার ম্যানিলায় ব্রাজিলের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার আলোচনায় ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যাপক শুল্ক আরোপের বিষয়টি।

১১ সদস্যের অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যখন বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়, তখন ব্রাজিল অসাধারণ এক শিক্ষা পেয়েছে।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকারের কাছে কাঁদাকাটি করা বা তাদের কাছে করুণা ভিক্ষা করার পরিবর্তে আমরা আমাদের পণ্য বিক্রি এবং প্রয়োজনীয় পণ্য কেনার জন্য বিকল্প অংশীদার খুঁজে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ এ সময় তিনি উল্লেখ করেন, আঞ্চলিক দেশ ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের সঙ্গে ব্রাজিলের বাণিজ্য যথাক্রমে ১৫ ও ১৩ শতাংশ বেড়েছে।

এর আগের দিন সম্মেলনে একই ধরনের বক্তব্য দেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি ফিলিপাইনের সঙ্গে নতুন মুক্তবাণিজ্য চুক্তি এবং আসিয়ানের সঙ্গে বাণিজ্য আলোচনা ‘উল্লেখযোগ্যভাবে সম্পন্ন’ হওয়ার কথা তুলে ধরেন।

কার্নি বলেন, এ দুটি চুক্তি ‘নির্ভরযোগ্য অংশীদারদের একটি ঘনিষ্ঠ নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে আরও সুযোগ সৃষ্টি এবং যুক্তরাষ্ট্রের ওপর আমাদের আপেক্ষিক নির্ভরতা কমানোর কৌশলের অংশ’।

লুলা সাংবাদিকদের বলেন, সম্মেলনের ফাঁকে কার্নির সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। তিনি কানাডার প্রধানমন্ত্রীকে ব্রাজিল সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন এবং কানাডার সঙ্গে বাণিজ্য দ্বিগুণ করার আশা প্রকাশ করেছেন।

সম্মেলনকে কেন্দ্র করে মেট্রো ম্যানিলাজুড়ে প্রায় ২০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রগতিশীল বিভিন্ন সংগঠন মঙ্গলবার সম্মেলনস্থলে ট্রাম্পবিরোধী মিছিলে হাজারো মানুষের সমাগমের পূর্বাভাস দিয়েছে।

বিক্ষোভের বড় একটি অংশের লক্ষ্য যুক্তরাষ্ট্রের ‘প্যাক্স সিলিকা’ কর্মসূচি। সেমিকন্ডাক্টর ও বিরল মৃত্তিকা খনিজের ক্ষেত্রে চীনের আধিপত্য মোকাবিলায় সরবরাহব্যবস্থা গড়ে তোলার এ উদ্যোগের আওতায় ম্যানিলার উত্তরে ১ হাজার ৬২০ হেক্টর জমিতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উৎপাদনকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে এ প্রকল্পের কারণে আদিবাসী পরিবারগুলো উচ্ছেদের ঝুঁকিতে পড়তে পারে।

‘বিক্রির জন্য নয়’

রোববার প্রায় ২০০ বিক্ষোভকারী ‘ফিলিপাইন বিক্রির জন্য নয়’ এবং ‘ট্রাম্পকে নিষিদ্ধ করো’ লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

এএফপির সাংবাদিকেরা অন্তত তিনজন বিক্ষোভকারীকে পুলিশ ধরে নিয়ে যেতে দেখেছেন।

দীর্ঘদিন ধরে আসিয়ান নেতাদের উদ্বেগের কারণ হয়ে থাকা দুটি বিষয়—বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর নিয়ে আচরণবিধি প্রণয়নের অগ্রগতি না হওয়া এবং যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের সঙ্গে সম্পর্ক—২০২৭ সালে জোটটির ঘূর্ণায়মান সভাপতিত্ব সিঙ্গাপুরের কাছে হস্তান্তরের পর দেশটির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠবে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারকে আসিয়ানের উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে অংশ নিতে দেওয়া হচ্ছে না। ওই অভ্যুত্থানের পর দেশটিতে গৃহযুদ্ধ চলছে।

মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগে নেতৃত্ব দেওয়া দেশটির প্রতিবেশী থাইল্যান্ড গত সপ্তাহে নেপিদোর পররাষ্ট্রমন্ত্রীকে আসিয়ানের বৈঠকে ফের অংশ নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানায়।

রোববার প্রকাশিত আসিয়ানের এক যৌথ বিবৃতিতে মিয়ানমার সরকারের সঙ্গে ‘পরিমিত ও পর্যায়ক্রমিক যোগাযোগ’ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। এতে কয়েক মাস ধরে থাইল্যান্ড যে ভাষা ব্যবহার করে আসছে, তারই প্রতিফলন ঘটেছে।

তবে বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ‘সুনির্দিষ্ট অগ্রগতির’ ওপর নির্ভর করবে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস এর আগে স্বীকার করেছেন, ওই পরিকল্পনায় কোনো অগ্রগতি হয়নি।

অসমাপ্ত কাজ

এদিকে, আসিয়ানের সদস্যদেশগুলোর সঙ্গে চীনের বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর নিয়ে কথিত আচরণবিধি প্রণয়নের আশা ফিলিপাইনের সভাপতিত্বের বছরেই শেষ হয়ে গেছে।

ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী তেরেসা লাজারো এর আগে আলোচনাকে ‘৮০ শতাংশ সম্পন্ন’ বলে উল্লেখ করেছিলেন। তবে রোববার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আগামী বছর সিঙ্গাপুর আলোচনা শেষ করতে পারবে।’

আন্তর্জাতিক আদালতের এক রায়ে দক্ষিণ চীন সাগরের অধিকাংশ অংশের ওপর বেইজিংয়ের দাবির কোনো আইনি ভিত্তি নেই বলা হলেও চীন ওই সাগরের অধিকাংশ এলাকা নিজেদের বলে দাবি করে আসছে। এ নিয়ে চীন ও ফিলিপাইনের কোস্টগার্ডের মধ্যে বারবার সংঘর্ষ হয়েছে।

আসিয়ানের সভাপতি হিসেবে ফিলিপাইনের দায়িত্ব পালনের বছরজুড়েই এ বিরোধ বিভিন্ন সময়ে সামনে এসেছে। গত জুলাইয়ে দুই দেশের নাবিকদের মধ্যে সংঘর্ষের এক দিনেরও কম সময় পর পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলন শুরু হয়েছিল।

সোমবার আসিয়ানের চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।


#আন্তর্জাতিক #বাসস