বোতলজাত ও খোলা সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ
দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বেড়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বেড়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার ১৫ টাকা করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সয়াবিন তেলের আগের ও বর্তমান দাম
তেলের ধরন আগের দাম বর্তমান দাম
বোতলজাত সয়াবিন (প্রতি লিটার) ২০৪ টাকা ২০৭ টাকা
খোলা সয়াবিন (প্রতি লিটার) ১৮৫ টাকা ১৮৮ টাকা
বোতলজাত সয়াবিন (৫ লিটার) ১,০০০ টাকা ১,০১৫ টাকা
বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের ভোজ্যতেলের মজুত, বৈশ্বিক ও দেশীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং সামগ্রিক আমদানি পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করে। ওই প্রতিবেদন এবং দেশি-বিদেশি বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সবার সম্মতিতে নতুন দাম নির্ধারণ করা হয়।
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে তা সমন্বয় করা হয়নি। ফলে ভোজ্যতেল আমদানি ও সরবরাহ সচল রাখা কঠিন হয়ে পড়ছিল।
সামনে পবিত্র রমজান উপলক্ষে দেশে পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর এবং বর্তমান আমদানি খরচের সঙ্গে সমন্বয় করে দাম বাড়ানোর প্রস্তাব দেন ব্যবসায়ী প্রতিনিধিরা।
এদিকে বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুতদারি এবং নির্ধারিত দামের বেশি দামে তেল বিক্রি ঠেকাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।