ন্যাটোতে যোগদানের বিনিময়ে রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি
ন্যাটোতে যোগদানের বিনিময়ে ইউক্রেনকে রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার প্রকাশিত এক বক্তব্যে এ কথা জানান।
তিনি বলেন, এর মধ্য দিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে ইউক্রেনের সম্পর্কের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
জেলেনস্কি আরও সতর্ক করে বলেন, রাশিয়া এ শীতের সামরিক অভিযানকে ঘিরে সর্বশক্তি নিয়োগ করছে।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শীতের তীব্রতা বাড়ার আগেই ইউক্রেনে ব্যাপক হামলা চালাচ্ছে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের অবস্থানেও পিছু হটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ পৃথকভাবে পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। এর আগে আবুধাবিতে দুই দিন ধরে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা হয়। তবে ওই আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।
জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল, ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয়, তাহলে কি তারা দনবাস থেকে সেনা প্রত্যাহার করবে? এই প্রথম এমন প্রশ্ন তোলা হলো।’
তিনি আরও বলেন, ‘ইউক্রেনকে এ ধরনের প্রতিরক্ষা সহায়তা দেওয়ার পর, আমাদের সেনাবাহিনীর এমন অগ্রগতি এবং প্রতিরক্ষার এই সক্ষমতা দেখার পর তারা ইউক্রেনকে এভাবে ছেড়ে দিতে পারে না।’
জেলেনস্কির মতে, এ আলোচনা থেকে স্পষ্ট হয়েছে যে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি আবারও আলোচনার টেবিলে এসেছে।
দীর্ঘদিন ধরে ন্যাটোর সদস্যপদ পাওয়ার চেষ্টা করছে ইউক্রেন। তবে মস্কো শুরু থেকেই বিষয়টিকে তাদের জন্য একটি ‘লাল রেখা’ হিসেবে বিবেচনা করে আসছে।
জেলেনস্কির বক্তব্যের বিষয়ে ন্যাটো ও ওয়াশিংটন এখনো সরাসরি কোনো মন্তব্য করেনি।
এদিকে ট্রাম্পের জামাতা কুশনার পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, গণমাধ্যমে দুই পক্ষের উত্থাপিত সর্বোচ্চ দাবিদাওয়া এবং কঠোর রাজনৈতিক বক্তব্যের বিষয়গুলো প্রকাশিত হয়েছে।
তিনি বলেন, ‘তবে আমরা কঠোর প্রচেষ্টা অব্যাহত রাখতে, সংবেদনশীল আলোচনার জন্য প্রয়োজনীয় গোপনীয়তা বজায় রাখতে এবং এই ভয়াবহ যুদ্ধের অবসানে একটি পথ খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
কুশনার আরও জানান, আলোচনায় বেশ কয়েকটি নতুন ধারণা উঠে এসেছে। সেগুলো এখন পর্যালোচনা করা হচ্ছে।
চলতি সপ্তাহের বৈঠকগুলোতে যুদ্ধ অবসানের ভবিষ্যৎ আলোচনায় ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণের বিষয়ে সমঝোতা হয়েছে।
শুক্রবার ডাবলিনে ইউরোপের দেশগুলো পাঁচটি রাষ্ট্রকে এ আলোচনায় প্রতিনিধি পাঠানোর জন্য বেছে নিয়েছে। দেশগুলো হলো—ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও পোল্যান্ড।
এদিকে শনিবারও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। পূর্বাঞ্চলীয় শহর পাভলোহ্রাদ এবং জাপোরিঝিয়া অঞ্চলের কাছের একটি গ্রামে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। গ্রামটি এখন সম্মুখসারির যুদ্ধক্ষেত্র থেকে মাত্র কয়েক ডজন কিলোমিটার দূরে।
নিরাপত্তার নিশ্চয়তা চায় কিয়েভ-
জেলেনস্কি বলেন, পশ্চিমা অংশীদারদের সঙ্গে নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনা করছে কিয়েভ। যেকোনো চুক্তি গ্রহণের বিষয়ে শেষ পর্যন্ত ইউক্রেনের জনগণই সিদ্ধান্ত নেবে।
তিনি জোর দিয়ে বলেন, রুশ সেনারা যেসব ভূখণ্ড দখল করেছে, সেগুলোকে ইউক্রেন কখনোই রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে না।
রাশিয়া বরাবরই বলে আসছে, ইউক্রেনের ন্যাটোতে যোগদান তাদের জন্য একটি ‘লাল রেখা’। ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর সময় মস্কো অভিযোগ করেছিল, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে।
প্রায় দুই বছর ধরে ট্রাম্প প্রশাসন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার মাধ্যমে যুদ্ধ অবসানের একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে।
এদিকে ইউক্রেনে বিদেশি শান্তিরক্ষী বাহিনী মোতায়েন এবং বৃহত্তর পরিসরে যুদ্ধবিরতির প্রস্তাবও নাকচ করে দিয়েছে ক্রেমলিন।
তবে চলতি সপ্তাহের শুরুতে পুতিন পূর্বাঞ্চলীয় শহর কস্তিয়ানতিনিভকায় একটি ‘মানবিক’ মিশন পরিচালনার প্রস্তাব দেন। রাশিয়া গ্রীষ্মে শহরটি দখলের দাবি করলেও কিয়েভ বলছে, সেখানে এখনো লড়াই চলছে।
জেলেনস্কি বলেন, দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার অগ্রযাত্রা এগিয়ে নিতেই এ প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘তাদের পরবর্তী লক্ষ্য হবে দনবাসের আমাদের অন্যান্য শহর।’
রুশ সেনারা ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হলেও দোনেৎস্ক অঞ্চলের পুরো এলাকা এখনো দখল করতে পারেনি।
‘প্রথমে যুদ্ধের অবসান হোক’-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এ যুদ্ধের অবসানে আলোচনার বিষয়বস্তুকে নতুন দিকে নিতে চাইছে রাশিয়া। তারা এখন ইউরোপের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনার উদ্যোগ নিয়েছে।
২০২১ সালে ইউক্রেনে অভিযান শুরুর আগে মস্কো পশ্চিমা দেশগুলোর কাছে পূর্ব ইউরোপ থেকে ন্যাটোর সেনা প্রত্যাহারের আলটিমেটাম দেয়।
চলতি সপ্তাহে রাশিয়ার প্রধান আলোচক ভøাদিমির মেদিনস্কি একটি ‘নতুন, আধুনিক ইয়াল্টা’ সম্মেলনের আহ্বান জানান। ইউরোপীয় নেতারা তার এ বক্তব্যের সমালোচনা করেছেন ।
জেলেনস্কি সতর্ক করে বলেন, বৃহত্তর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা কেবল যুদ্ধ শেষ হওয়ার পরই হওয়া উচিত।
নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রস্তাবে ইউরোপীয় নেতারা তেমন আগ্রহ দেখাননি।
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস শুক্রবার বলেন, ‘এ বিষয়ে আলোচনার প্রয়োজন নেই। এ ধরনের ব্যবস্থা ইতোমধ্যে বিদ্যমান রয়েছে।’
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ শনিবার বলেন, ‘যারা ইউক্রেনকে সহায়তা সীমিত করতে চায়, প্রকৃতপক্ষে তারা ইউক্রেনের ওপর একটি অন্যায্য শান্তিচুক্তি চাপিয়ে দিতে চায়। এর প্রভাব পড়বে পুরো ইউরোপের ওপর।’
মাখোঁ বলেন, ‘এটি পরাজয় মেনে নেওয়ার মানসিকতা। এটি আরেকটি যুদ্ধের পথ তৈরি করবে। ফ্রান্সের অবস্থান এমন হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘ইউক্রেনকে আত্মরক্ষায় সহায়তা করার অর্থ ফ্রান্স ও ফরাসি জনগণকে সুরক্ষা দেওয়া।’