রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ব্রাজিলে চলতি বছর এমপক্সে প্রথম মৃত্যু, আক্রান্ত হাজার ছাড়াল

আতাউল্লাহ পলাশ • 15 নভেম্বর 2026, 06:35 সকাল • 2 বার পঠিত
ব্রাজিলে চলতি বছর এমপক্সে প্রথম মৃত্যু, আক্রান্ত হাজার ছাড়াল

ব্রাজিলে চলতি বছর এমপক্সে (মাঙ্কিপক্স) প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়লেও পরিস্থিতিকে এখনই প্রাদুর্ভাব হিসেবে বিবেচনা করছে না কর্তৃপক্ষ। 

দেশটির একটি জনস্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন গবেষণা প্রতিষ্ঠান ফিওক্রুজ ইনস্টিটিউটের শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ব্রাজিলে এমপক্সে ১ হাজার ৯ জন আক্রান্ত হয়েছেন। 

প্রতিবেদনে বলা হয়, প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটেছে রিও ডি জেনেইরোতে। শহরটিতে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এমপক্সে আক্রান্তের সংখ্যা বছরের বাকি সময়ের তুলনায় দ্বিগুণ হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পরিস্থিতি মোকাবিলায় নজরদারি জোরদার করেছে সরকার। পাশাপাশি এমপক্সের নতুন ২৫ হাজার ডোজ টিকা কেনা হয়েছে। 

ফিওক্রুজের ভাষ্য অনুযায়ী, আক্রান্তের বর্তমান সংখ্যা ২০২২ সালে দেখা দেওয়া সর্বোচ্চ সংক্রমণের তুলনায় ‘উল্লেখযোগ্যভাবে কম’।

গুটিবসন্তের ভাইরাসের একই পরিবারের একটি ভাইরাসের মাধ্যমে এমপক্স ছড়ায়। এ রোগে জ্বর, পেশিতে ব্যথা ও ত্বকে বড় আকারের ফোঁড়ার মতো ক্ষত সৃষ্টি হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে রোগটি প্রাণঘাতীও হতে পারে।

আক্রান্ত প্রাণী থেকে মানুষের শরীরে এ ভাইরাস ছড়াতে পারে। এ ছাড়া আক্রান্ত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শের মাধ্যমেও মানুষ থেকে মানুষে সংক্রমণ ঘটে।

দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে ২০২২ ও ২০২৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমপক্সকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছিল।

২১ কোটি ৪০ লাখ মানুষের দেশ ব্রাজিলে চলতি বছরের অধিকাংশ সংক্রমণের ঘটনা ঘটেছে সাও পাওলো ও রিও ডি জেনেইরোতে। 


#আন্তর্জাতিক #বাসস