রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

ক্রীড়াবিদদের এক লাখ টাকা ভাতা দিচ্ছে সরকার

মোহাম্মদ খাইরুল আমিন • 22 নভেম্বর 2026, 12:28 দুপুর • 9 বার পঠিত
ক্রীড়াবিদদের এক লাখ টাকা ভাতা দিচ্ছে সরকার

খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যমে সীমাবদ্ধ না রেখে জীবিকা অর্জনের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বর্তমান সরকার। এই লক্ষ্য সামনে রেখে ক্রীড়াবিদদের আর্থ-সামাজিক উন্নয়নে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা ভাতা প্রদানের কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (২২ নভেম্বর) এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমাদের সরকারের নির্বাচনী ইশতেহারে ক্রীড়া উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আমাদের লক্ষ্য খেলাধুলাকে শুধু বিনোদন বা অবসর কাটানোর মাধ্যমে সীমাবদ্ধ না রেখে একটি সম্মানজনক পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা। আমরা বিশ্বাস করি, ক্রীড়াবিদদের যথাযথ মূল্যায়ন, আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করা গেলে দেশের তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হবে।

‘এই লক্ষ্য সামনে রেখেই বর্তমান সরকার ক্রীড়াবিদদের আর্থ-সামাজিক উন্নয়নে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা ভাতা প্রদানের কার্যক্রম শুরু করেছে। এটি শুধু আর্থিক সহায়তা নয়, দেশের ক্রীড়াবিদদের প্রতি রাষ্ট্রের সম্মান, স্বীকৃতি ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।

আমরা চাই, একজন ক্রীড়াবিদ যেন তার প্রতিভা ও শ্রমের যথাযথ মূল্য পান। দেশের জন্য যারা আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছেন, তাদের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আরও বিস্তৃতভাবে এগিয়ে নিতে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছে। এ লক্ষ্যে নতুন যুগান্তকারী পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড প্রদান এবং নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি করা হয়েছে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায়ের অনেক প্রতিভাবান খেলোয়াড় তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ পেয়েছেন। আমাদের জাতীয় দলে খেলার জন্য যে পাইপলাইনে খেলোয়াড় দরকার, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে সেই পাইপলাইনে অনেক তারকা খেলোয়াড় তৈরি হবে।

‘ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, হ্যান্ডবলসহ সব ধরনের খেলা থেকেই আমরা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে পারব। আপনারা সবাই জানেন, ১০টি ইভেন্ট নিয়ে আমরা নতুন কুঁড়ি স্পোর্টস শুরু করেছি। পাশাপাশি আর্চারি, শুটিং, জিমন্যাস্টিকস, বক্সিং ও হকির মতো খেলাগুলোকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।

‘আমরা বছরব্যাপী জাতীয় দলের খেলোয়াড়দের প্রশিক্ষণের মধ্যে রাখতে চাই। যাতে আগামী পাঁচ বছর পর অলিম্পিক, কমনওয়েলথ গেমস কিংবা এশিয়ান গেমসের মতো আসরে শুধু অংশগ্রহণ নয়, পদকের জন্যও লড়াই করতে পারি। সে লক্ষ্যেই একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে এ পরিকল্পনার কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ।

‘জেলা পর্যায়ে খেলাধুলা চালু করতে না পারলে আমাদের নেওয়া উদ্যোগগুলো বাধাগ্রস্ত হবে। তাই জেলা ক্রীড়া সংস্থাগুলোর মাধ্যমে বছরব্যাপী নতুন কুঁড়ির ১০টি ইভেন্টের পাশাপাশি আর্চারি, শুটিং, হকি, জিমন্যাস্টিকস ও বক্সিংয়ের মতো খেলাগুলোও পরিচালনা করতে চাই। জেলা ক্রীড়া সংস্থার অধীনে এসব খেলা লিগের মতো আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে একটি ক্রীড়া ক্যালেন্ডার তৈরি করে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে জেলা পর্যায়ে বছরব্যাপী খেলাধুলা চালু রাখা সম্ভব হবে।

‘আপনারা জানেন, নতুন কুঁড়ি স্পোর্টস ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে শুরু করেছি। প্রায় চার হাজার ৫৯৯টি ইউনিয়নে ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, দাবা ও অ্যাথলেটিকসসহ ১০টি ইভেন্টে দল গঠন করা হয়েছে। তৃণমূল পর্যায় থেকে শুরু করা এ কার্যক্রম আরও বেগবান ও দৃশ্যমান করতে আমরা কাজ করছি। খেলাধুলার মাধ্যমে কীভাবে সত্যিকার অর্থে সামাজিক বিপ্লব ও পরিবর্তন আনা যায়, সেই লক্ষ্যও আমাদের রয়েছে।

‘আমাদের প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, নতুন প্রজন্মকে খেলার মাঠে এবং সাংস্কৃতিক চর্চার দিকে আকৃষ্ট করতে হবে। জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে। আপনারা জেনে খুশি হবেন, নতুন কুঁড়ি স্পোর্টসের ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমের সিলেবাসেও অন্তর্ভুক্ত করা হচ্ছে। যাতে বছরব্যাপী স্কুল পর্যায়েও এসব খেলার চর্চা হয়।

‘আমরা চাই না খেলাধুলা শুধু বছরে একবার অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকুক। স্কুলের পরীক্ষার ফাঁকে ফাঁকে ১০টি ইভেন্টের খেলা যেন বছরব্যাপী কারিকুলামের সঙ্গে সমন্বয় করে আয়োজন করা যায়, সে অনুযায়ী আমরা পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘যারা অংশগ্রহণ করছেন, তারা ক্রীড়া ভাতার আওতায় রয়েছেন। যারা অংশগ্রহণ করতে পারছেন না বা অংশগ্রহণের ইচ্ছা পোষণ করেননি, তাদের ক্রীড়া ভাতা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া। এভাবে আমরা পর্যায়ক্রমে নির্দিষ্টভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া ভাতা প্রদান করব।

‘আপাতত ৩৭৩ জনকে সংযুক্ত করছি। আগামী ১ নভেম্বর থেকে তাদের ক্রীড়া ভাতা প্রদান করা হবে। এভাবে আমাদের কার্যক্রম চলমান থাকবে।’