রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 22 নভেম্বর 2026, 12:36 দুপুর • 5 বার পঠিত
হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নয়জনের মধ্যে ৪ জন ঢাকা বিভাগে, তিনজন চট্টগ্রামে এবং একজন করে মারা গেছেন সিলেট ও খুলনা বিভাগে।

সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৫২ জনের মৃত্যু হল। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৪৭ জন। এর বাইরে যে ১০৫ জন মারা গেছে, তাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৫৬০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২২ জন, চট্টগ্রামে ১২৮, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৫, বরিশালে ৭০, খুলনায় ৬১ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ১৬২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। হাম শনাক্ত হয় ৭৬ জনের শরীরে।

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৪০৭ জন, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৭, বরিশালে ১০০, খুলনায় ৪৯, ময়মনসিংহে ৫৩, রংপুরে ৩৬ ও রাজশাহী বিভাগে ৩৪ জন ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।

বুলেটিন অনুসারে চলতি বছর হাম উপসর্গে রোগীর সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জন। এর মধ্যে ২৬ হাজার ১৩৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখে।

যদিও হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।