রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বাংলাদেশ-কানাডা বাণিজ্য

মোহাম্মদ খাইরুল আমিন • 22 নভেম্বর 2026, 12:30 দুপুর • 9 বার পঠিত
৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বাংলাদেশ-কানাডা বাণিজ্য

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২০২৫ সালে ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা এবং শিক্ষা খাতে সহযোগিতা বাড়িয়ে বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণ ও বহুমুখী করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশের নতুন পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে হাইকমিশনার অজিত সিং ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে কানাডার ৬৩০ কোটি ডলারের আন্তর্জাতিক সহায়তার বিষয়টি তুলে ধরেন।

এ ছাড়া ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডার ৭০ কোটি ডলারের সহায়তার কথা উল্লেখ করেন তিনি।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় এবং এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন দুই পক্ষ।

বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যে ষষ্ঠ দ্বিপক্ষীয় পররাষ্ট্রনীতি বিষয়ক পরামর্শ (ফরেন পলিসি কনসালটেশন) আয়োজনের বিষয়টি স্বাগত জানানো হয়। ঢাকায় অনুষ্ঠেয় এ বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারত্ব জোরদার এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে কার্যকর ও অভিন্ন ফলাফল অর্জনের বিষয়ে তারা একমত হন।