শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 27 নভেম্বর 2026, 12:55 দুপুর • 4 বার পঠিত
‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবার গড়ে তুলে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুরে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ইসলাহী ইজতেমায় তিনি এসব কথা বলেন।

সীমান্তের ওপার থেকে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সেই অপশক্তি এখনও সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিওর মাধ্যমে উসকানি দিয়ে অগ্নিসন্ত্রাস ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু আমরা আইনানুগ পন্থায়, শান্তিপূর্ণভাবে ও ধৈর্যশীলতার সঙ্গে সেই পরিস্থিতি মোকাবিলা করব।”

তিনি বলেন, “যারা থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাট জ্বালিয়ে দিয়েছে, আমরা তাদের চিহ্নিত করেছি। সীমান্তের ওপার থেকে তাদের লুকিয়ে থাকা নেতাকর্মীদের আগুন লাগানোর নির্দেশ ও ইন্ধন জোগানো হচ্ছে। বাংলাদেশের মাটিতে তাদের অগ্নিসন্ত্রাস আর কখনো সফল হতে দেওয়া হবে না।”

এ সময় পোশাক শিল্পাঞ্চলের অস্থিরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে উসকানির মাধ্যমে শ্রমিকদের ব্যবহারের চেষ্টা করা হয়েছিল। মজুরি বোর্ডের মাধ্যমে তাদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায় করেছেন। কিন্তু এখনও কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।”

গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও আদর্শ থাকবে, সংসদে তর্ক-বিতর্ক হবে। কিন্তু গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী যেভাবে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেরকম ঐক্য আবার আমরা গড়ে তুলব। সেই ঐক্যকে শক্তি হিসেবে ব্যবহার করে শান্তি-শৃঙ্খলা ও উন্নতি নিশ্চিত করা হবে।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “অন্যান্য ধর্মাবলম্বী সংখ্যায় কম হোক বা বেশি হোক, বিভিন্ন জাতিগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী সবাই মিলে আমরা বাংলাদেশে আছি। আমরা সবাই মিলে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে এ দেশের সমান নাগরিক; নাগরিক অধিকার সবার সমান।”

খতমে নবুওয়াত সম্মেলনের দাবিগুলোর প্রসঙ্গে তিনি বলেন, “সম্মেলনের পক্ষ থেকে কিছু দাবি-দাওয়া সব সময় ছিল, এখনও আছে। আমরা বলেছি, তা আইনে আনব ইনশাআল্লাহ। যেটা সম্ভব হবে, সবাইকে সঙ্গে নিয়েই তা বাস্তবায়ন করব।”

বিগত সরকারের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা দীর্ঘ ১৬-১৭ বছর আলেম ও ইসলামবিদ্বেষী স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনামলে ছিলাম। যেখানে বায়তুল মোকাররম মসজিদ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে এবং শাপলা চত্বরে রাতের অন্ধকারে গুলি করে শিক্ষার্থী ও আলেমদের হত্যা করা হয়েছে। অনেককে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে, যাদের প্রকৃত সংখ্যা এখনও নিরূপণ করা যায়নি।”

শাপলা চত্বরের ঘটনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় দায়ের করা নিয়মিত মামলার সূত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে এবং এর বিচার হবে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুর পীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

তিন দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিন শুক্রবার কয়েক হাজার ওলামায়ে কেরাম ও মুসল্লি অংশ নেন।