চুয়েটের অচলাবস্থা নিরসনের দাবি, আধঘণ্টা সড়ক অবরোধ শিক্ষার্থীদের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান সংকট ও অচলাবস্থা নিরসনের দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা।
শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করেন। এ সময় সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তারা। পরে ‘জনদুর্ভোগের’ কথা বিবেচনা করে আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
এরপর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে শেষ হয়।
সড়ক অবরোধ চলাকালে শিক্ষার্থীদের পক্ষে একজন বলেন, “আমরা যদি চাই, এই কাপ্তাই রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারি। আজকে আন্দোলনের ৬৮তম দিন। আমরা সবসময় শান্তিপূর্ণ আন্দোলন করেছি।
“কিন্তু চলমান সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে আমরা এই কর্মসূচি পালন করেছি।”
এদিকে শুক্রবার সকালে জরুরি সভা করে চুয়েট শিক্ষক সমিতি। সভায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজন উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য নিয়োগের দাবি জানানো হয়।
এর আগে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়ে আসছিলেন।
নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় বৃহস্পতিবার থেকে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভায় আন্দোলন আরও জোরদার ও কার্যকর করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।
পরদিন থেকেই আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শাটডাউন শুরু করেন শিক্ষার্থীরা। এর মধ্যে ২৪ সেপ্টেম্বর অনলাইনে যোগ দেন নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। পরে শিক্ষকরাও কর্মবিরতি শুরু করেন।
টানা ৩৬ দিন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকার পর শিক্ষার্থীরা ক্লাসে ফেরার আগ্রহ প্রকাশ করলে শিক্ষকরাও কর্মবিরতি প্রত্যাহার করেন। গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়।