ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৬১৯
দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে নতুন করে ৬১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৭৫৯ জন। এ বছর ইতোমধ্যে রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১ লাখ ৭৩ হাজার ৬৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৬০১ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১৯৭ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১২৪, খুলনায় ১০৬, বরিশালে ৭০, রাজশাহীতে ৪৩, ময়মনসিংহে ৪৩, রংপুরে ২৮ এবং সিলেটে আটজন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব রাখছে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। ওই বছর এ রোগে মারা যান ১ হাজার ৭০৫ জন, যা এক বছরে সর্বোচ্চ প্রাণহানি।
গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজারের বেশি রোগী।
ডেঙ্গু নিয়ন্ত্রণে এইডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতেও বলেছেন তারা।