পশ্চিম তীরে ইসরাইলি হামলায় ফিলিস্তিনি নিহত
অধিকৃত পশ্চিম তীরে শনিবার ইসরাইলি সেনাদের অভিযানে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী ও ফিলিস্তিনি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ব্যক্তির নাম হিকমত মোহাম্মদ ফারাজ। তার বয়স ৫৭ বছর। পশ্চিম তীরের নাবলুস শহরের দক্ষিণে মাদামা গ্রামে ইসরাইলি সেনাদের গুলিতে তিনি নিহত হন।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, ফারাজের বুকে সরাসরি গুলি লাগে। পরে তাকে নাবলুসের একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
মাদামা গ্রাম পরিষদের প্রধান রামি নাসের এএফপিকে জানান, নিজ বাড়িতে ইসরাইলি সেনাদের অভিযানের সময় ফারাজকে গুলি করা হয়। এ সময় সেনারা তার স্ত্রী, মেয়ে ও পুত্রবধূকেও মারধর করে বলে অভিযোগ করেন তিনি।
তবে ইসরাইলি সেনাবাহিনী এএফপিকে জানায়, মাদামা গ্রামে সামরিক অভিযান চালানোর সময় তাদের সদস্যরা একটি ভবনে প্রবেশ করেন। সেনাদের লক্ষ্য করে ওই ভবন থেকে পাথর ছোড়া হয়েছিল বলে দাবি করেছে তারা।
ইসরাইলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ধস্তাধস্তির একপর্যায়ে এক ‘সন্ত্রাসী’ এক কর্মকর্তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ওই কর্মকর্তা গুলি চালান।
সেনাবাহিনী আরও জানায়, গুলি চালানোর সময় আরেকজন কর্মকর্তা আহত হয়েছেন। আহত ওই কর্মকর্তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, গুলিবিদ্ধ ওই ব্যক্তি সেনাদের সঙ্গে সংঘর্ষ চালিয়ে যেতে থাকেন। পরে তাকে থামাতে সেনারা ব্যবস্থা নেয়।
১৯৬৭ সাল থেকে ইসরাইলের দখলে থাকা পশ্চিম তীরে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর সহিংসতা আরও বেড়েছে। ওই হামলার জেরেই গাজায় যুদ্ধ শুরু হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী জানা গেছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে এক হাজার ১০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশির ভাগই ইসরাইলি সেনাদের হাতে প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে, ইসরাইলি পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ে ফিলিস্তিনিদের হামলায় অথবা ইসরাইলি সামরিক অভিযানের সময় ৫০ জনের বেশি ইসরাইলি নিহত হয়েছেন।