যুক্তরাষ্ট্রের ভ্রমণ তালিকায় নিষিদ্ধ বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে উর্ধগতির কারণে বাংলাদেশসহ অন্তত ১১৬টি দেশকে, দেশটির নাগরিকদের জন্য ‘ডু নট ট্রাভেল’ তালিকাভুক্ত করেছে। অতি সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ নির্দেশিকার এই তালিকা হালনাগাদ করা হয়েছে। বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে একথা জানিয়ে বলা হয়, কবে নাগাদ হালনাগাদ করা পূর্ণ তালিকা প্রকাশ করা হবে তা জানাতে রাজি হয়নি মন্ত্রণালয়টি।
এর আগে সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ভ্রমণে সর্বোচ্চ সতর্কতার তালিকার চতুর্থ পর্যায়ে আনেকগুলো নতুন দেশকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যে কারণে বিশ্বের ৮০ শতাংশ দেশই এখন এই তালিকায় চলে আসবে। যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইসরায়েল, মেক্সিকো, জার্মানিসহ আরও কিছু রাষ্ট্রকে এই তালিকায় ‘কোভিড-১৯ এর অতি উচ্চ সংক্রমণের’ দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবারের আগ পর্যন্ত বিশ্বের প্রায় ২০০টি দেশের মধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ডু নট ট্রাভেল’ তালিকায় ৩৪টি দেশের নাম ছিল। এখন ১৫০টিরও বেশি দেশকে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতার তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করছে তারা।