রবিবার, ০১ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শ্রমিকদের বিক্ষোভ: গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে অগ্নিসংযোগ

মোহাম্মদ খাইরুল আমিন • 01 নভেম্বর 2026, 08:07 সকাল • 5 বার পঠিত
শ্রমিকদের বিক্ষোভ: গাজীপুরের কোনাবাড়িতে পুলিশ বক্সে অগ্নিসংযোগ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় কোনাবাড়ি পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আশরাফুল।

তিনি বলেন, সকালে বেতন বৃদ্ধির দাবিতে মহানগরের কোনাবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় উত্তেজিত শ্রমিকদের নিবৃত্ত করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশ ট্রাফিক বক্সে আগুন দেয় শ্রমিকরা।

তিনি বলেন, প্রথমে পুলিশ বক্সের গ্লাস ভেঙে দেয়া হয়, পরে সেখানে আগুন দেয়। বক্সটি মূলত দায়িত্বরত পুলিশ সদস্যরা বিশ্রামের কাজে ব্যবহার করতেন। বক্সে মূল্যবান কোনো কিছুই ছিল না। সেখানকার ফার্ণিচার আগুনে পুড়ে গেছে।

পুলিশ জানায়, শনিবার থেকেই শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের কোনাবাড়ি, শফিপুর, মৌচাক ও পল্লী বিদ্যুত এলাকা। দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটছে। তবে এসব সংঘর্ষে হতাহতের কোনো খবর কেউ নিশ্চিত করেননি।