শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

আতাউল্লাহ পলাশ • 31 অক্টোবর 2026, 06:08 সকাল • 4 বার পঠিত
ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের কাছে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাবে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। 

তবে এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পৌঁছাতে কয়েক বছর সময় লাগতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানায়। তবে বিক্রির অনুমোদন চূড়ান্ত করতে প্রস্তাবটি পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের কর্মকর্তারা অভিযোগ করে আসছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় ব্যবহৃত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য তাদের কাছে থাকা প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে আসছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত এ বিক্রির ফলে ইউক্রেনের সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার সক্ষমতা বাড়বে। এর মাধ্যমে দেশটি বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় আরও সক্ষম হবে।

তবে এসব অস্ত্র কবে নাগাদ ইউক্রেনে সরবরাহ করা হতে পারে, সে বিষয়ে বিবৃতিতে কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।

এদিকে, শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘এই ক্ষেপণাস্ত্রের সরবরাহ শুরু হতে কয়েক বছরও লেগে যেতে পারে।’

তিনি বলেন, ‘যে সময় প্রকৃত বিপদ তৈরি হবে এবং পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহারের জরুরি প্রয়োজন দেখা দেবে, সেই সময়ের জন্য একটি সমাধান খুঁজে বের করতে আমরা আমাদের মার্কিন অংশীদারদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

জেলেনস্কির বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা চাইলে নিজেদের বর্তমান মজুত থেকে ইউক্রেনকে এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে। পরে নতুন করে কেনা ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের মজুত পূরণ করা সম্ভব।

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইউক্রেনের হাতে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষাব্যবস্থাগুলোর একটি হলো প্যাট্রিয়ট। বিশেষ করে আকাশ থেকে ছোড়া বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রস্তাবিত এ অস্ত্র বিক্রি ইউরোপে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতায় ভূমিকা রাখা একটি অংশীদার দেশের নিরাপত্তা জোরদার করবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্যও এগিয়ে যাবে।’

চলতি মাসের শুরুতে রাশিয়ার সঙ্গে ডিজেল জ্বালানি সরবরাহসংক্রান্ত একটি চুক্তি করে ওয়াশিংটন। এরপর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্পর্কে উত্তেজনা দেখা দেয়।

এ ছাড়া ইউক্রেনের অভিযোগ, যুক্তরাষ্ট্র তাদের স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ সীমিত করছে এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদানের কিছু কার্যক্রম বন্ধ রেখেছে।

তবে গত ২০ অক্টোবর নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পর দুই দেশের সম্পর্কে কিছুটা উত্তেজনা কমে আসে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ক্ষেপণাস্ত্র বিক্রির পুরো ব্যয় ইউক্রেনের মিত্রদেশগুলোর দেওয়া অর্থায়ন থেকে মেটানো হবে। এ জন্য যুক্তরাষ্ট্রের নিজস্ব তহবিল ব্যবহার করা হবে না।


#আন্তর্জাতিক #বাসস