যুক্তরাষ্ট্রে স্কুলের শিক্ষার্থীর গুলিতে চারজন আহত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি স্কুলের শ্রেণিকক্ষে ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীর গুলিতে চারজন আহত হয়েছে। বুধবার অঙ্গরাজ্যটির আরলিংটন শহরের টিম্বারভিউ হাইস্কুলে এ ঘটনা ঘটে।
শহরটির সহকারী পুলিশ প্রধান জানান, এ ঘটনায় সন্দেহভাজন শিক্ষার্থী টিমোথি জর্জ সিম্পকিনসকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর সিম্পকিন্স পালিয়ে গিয়েছিলেন। পরে তিনি আত্মসমর্পণ করেছেন। পুলিশ জানিয়েছে সিম্পসনের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দু’জনের শরীরে গুলির আঘাত লেগেছে।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, আহতদের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরের অবস্থা সংকটাপন্ন। অন্যরা শঙ্কামুক্ত আছে।
গুলির ঘটনার পরে স্কুলটি বন্ধ করে দেওয়া হয়। শিক্ষার্থীদের যাতে অভিভাবকেরা নিয়ে যেতে পারেন, সে জন্য জায়গা নির্দিষ্ট করে দেয় পুলিশ।