যুক্তরাষ্ট্রে গুঁড়িয়ে দেওয়া হলো মায়ামির সেই ভবনের বাকি অংশ
অনলাইন নিউজ পোর্টাল
•
05 জুলাই 2021, 11:09 দুপুর
•
99 বার পঠিত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে ধসে পড়া ভবনের বাকি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সাইক্লোনের সময় ফের ধসের আশঙ্কা থেকে ভবনের ঝুঁকিপূর্ণ অংশটি বিস্ফোরণ ঘটিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। আজ সোমবার এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম।
আগামী মঙ্গলবারের দিকে ফ্লোরিডায় সাইক্লোন ‘এলসা’ আঘাত হানতে পারে।
খবরে বলা হয়, সাইক্লোনের পূর্বাভাসের কারণে নিরাপত্তার খাতিরে ফ্লোরিডায় ধসে পড়া ভবনের বাকি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত রোববার রাতে বিস্ফোরকের সাহায্যে ভবনটির যে অংশ দাঁড়িয়ে ছিল সেটি গুঁড়িয়ে দেওয়া হয়। ১২ তলা ভবনের এক অংশ ২৪ জুন ধসে পড়ে। এরপর থেকে ভবনের বাকি অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।
এ অংশ গুঁড়িয়ে দেওয়ার সময় উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। দ্রুতই উদ্ধারকাজ শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১২১ জন।