যুক্তরাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫
যুক্তরাষ্ট্রের কেন্টাকির পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় সোমবার মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এদিকে আরও বর্ষণের কারণে সেখানে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় এ রাজ্যের গভর্নর এ্যান্ডি বেশায়ার টুইটার বার্তায় আরও খারাপ খবর জানান।
তিনি বলেন, ‘আমরা কেন্টাকির পূর্বাঞ্চলের ব্যাপক বন্যার ঘটনায় আরও মৃত্যুর খবর পেয়েছি। এ নিয়ে কেন্টাকিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়ালো।
বেশায়ার বলেন, ‘সেখানে বন্যার এখনো যারা নিখোঁজ রয়েছেন, তাদের উদ্ধারে অনুসন্ধান অভিযান চালানো এবং এ সব পরিবারের জন্য প্রার্থনা করা হচ্ছে।’
বেশায়ার জানান, বন্যা কবলিত বিভিন্ন এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি ধারণা করছেন।
এ দিকে সোমবার প্রবল বর্ষণজনিত কারণে তাদের উদ্ধার প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়।
গত সপ্তাহে ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণের কারণে কেন্টাকির পূর্বাঞ্চলের কিছু এলাকায় আট ইঞ্চিরও বেশি উচ্চতার পানি বেধে যায়। এতে কেন্টাকিতে আকস্মিক বন্যা দেখা দেয়।