যুক্তরাষ্ট্র-চীন এআই আলোচনায় বড় বাধা হয়ে উঠতে পারে এনভিডিয়া কেলেঙ্কারি
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এবং মানুষের ক্ষতিকর কাজে এ প্রযুক্তি ব্যবহারের বিষয়টি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বৈঠকে গুরুত্ব পেতে পারে।
তবে এআই নিরাপত্তা নিয়ে আলোচনায় এনভিডিয়াকে ঘিরে তৈরি হওয়া কেলেঙ্কারিও অস্বস্তি তৈরি করতে পারে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে দুই প্রেসিডেন্ট এআই-সংক্রান্ত জরুরি যোগাযোগের জন্য একটি হটলাইন চালুর বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা বিভিন্ন এআই মডেল পরীক্ষা করে দেখছেন, সেগুলো ব্যবহারকারীর নির্দেশ অমান্য করতে পারে কি না, প্রতারণামূলক আচরণ করতে পারে কি না কিংবা জৈব অস্ত্র তৈরির পদ্ধতি জানিয়ে দিতে পারে কি না।
তবে দুই নেতার আলোচনায় অস্বস্তি তৈরি করতে পারে যুক্তরাষ্ট্রের শীর্ষ এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের ঘটনা। চীনা গুপ্তচর সন্দেহে থাকা এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগের পর তিনি পদ ছাড়েন।
তবে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির গবেষক ডিলান লোহ মনে করেন, এ ঘটনা আলোচনার মূল বিষয় হয়ে উঠবে না কিংবা ট্রাম্প ও শি জিনপিংয়ের ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব ফেলবে না।
তিনি এএফপিকে বলেন, দুই নেতা এমন একটি সম্পর্ক গড়ে তুলেছেন, যেখানে মতপার্থক্য ও প্রতিযোগিতা থাকা সত্ত্বেও তারা নিজেদের লক্ষ্য বাস্তবায়নে কাজ করেন। আবার যেখানে সম্ভব ও প্রয়োজন, সেখানে সহযোগিতাও করেন।
এআইয়ের ঝুঁকি নিয়ে উদ্বেগের বেশির ভাগই তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের গবেষণাগারগুলোতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকে। তবে চীনের এআই মডেলগুলোর মধ্যেও উদ্বেগজনক আচরণের প্রমাণ ক্রমেই বাড়ছে।
কিছু বিশেষজ্ঞের মতে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো বিপজ্জনক আচরণ প্রদর্শনের জন্য চীনের এআই প্রযুক্তি এখনো যথেষ্ট উন্নত নয়।
তবে যুক্তরাষ্ট্রের তুলনায় পিছিয়ে থাকলেও চীনের কিছু এআই মডেলের সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে, যা বাস্তবেই বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে বলে জানিয়েছেন ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষক কাইল চ্যান।
ট্রাম্প বারবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী এবং সম্ভাব্য বিপজ্জনক এআই প্রযুক্তির উন্নয়ন ইচ্ছাকৃতভাবে ধীর করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তার যুক্তি, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে সংবেদনশীল এই প্রযুক্তি খাতে চীন এগিয়ে যেতে পারে।
‘মানুষের নিয়ন্ত্রণে থাকতে হবে’
চলতি মাসে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি কিছু নিরাপত্তাব্যবস্থা বা বিধিনিষেধে আপত্তি করি না। কিন্তু আমি চাই না, আমরা অনেক পিছিয়ে পড়ি।’
তিনি আরও বলেন, ‘চীনের কোনো নিরাপত্তাব্যবস্থা নেই। তবে প্রেসিডেন্ট সি যা বলেন, সেটিই সেখানে কার্যকর হয়।’
তবে বাস্তবে এআই ব্যবহারের ক্ষেত্রে চীনের বেশ কিছু জটিল বিধিনিষেধ রয়েছে। দেশটির কয়েকটি প্রযুক্তিপ্রতিষ্ঠান তাদের এআই মডেলের হ্যাকিং-সংক্রান্ত সক্ষমতাও ইচ্ছাকৃতভাবে কমিয়ে আনছে।
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং চলতি গ্রীষ্মে বলেছিলেন, এআই প্রযুক্তি ‘সব সময় মানুষের নিয়ন্ত্রণে থাকতে হবে’।
এ প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণে আরও আইন ও বিধিবিধান, প্রযুক্তিগত নজরদারি, আগাম সতর্কতা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
গত সেপ্টেম্বরে ট্রাম্প ও সি চিনপিং এআই-সংক্রান্ত কোনো জরুরি ঘটনা ঘটলে দ্রুত যোগাযোগের জন্য একটি বিশেষ ব্যবস্থা চালুর বিষয়ে একমত হন।
আগামী ১৮ ও ১৯ নভেম্বর এপেক সম্মেলনের ফাঁকে এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
বিশ্বজুড়ে এআই নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে সামরিক কাজে এর ব্যবহার, ব্যাপক নজরদারি ও মানুষের মাধ্যমে এআই ব্যবহার করে সাইবার হামলা চালানোর ঝুঁকি।
আরেকটি বড় উদ্বেগের বিষয় হলো, স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে বাস্তব কাজ সম্পন্ন করতে সক্ষম এআই এজেন্টগুলোর নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া।
চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই স্বীকার করেছে, তাদের স্বয়ংক্রিয় এআই বট বিভিন্ন ওয়েবসাইটে অনুপ্রবেশ করে হ্যাকিংয়ের ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া সরকারের একটি তথ্যভান্ডারও রয়েছে।
অন্যদিকে, চীনের গবেষণাগারগুলো সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় এ ধরনের ঘটনা প্রকাশ করতে ভয় পায় বলে মন্তব্য করেছেন কাইল চ্যান।
তার মতে, আন্তর্জাতিক পর্যায়ে এমনিতেই চীনের এআই প্রতিষ্ঠানগুলোকে নিজেদের অবস্থান প্রতিষ্ঠায় কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে।
গত মাসে ক্যালিফোর্নিয়াভিত্তিক কয়েকজন সাইবার নিরাপত্তা গবেষক চীনের প্রযুক্তি জায়ান্ট টেনসেন্টের সঙ্গে সংশ্লিষ্ট একদল এআই এজেন্টের সন্ধান পাওয়ার কথা জানান। এসব এজেন্ট একটি মানচিত্রভিত্তিক অ্যাপ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছিল।
টেনসেন্টের এআই বিভাগের পর্যালোচনায় ‘ইচ্ছাকৃতভাবে কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আক্রমণ কিংবা সমন্বিত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি’।
তাদের দাবি, তৃতীয় পক্ষের এআই মডেল মূল্যায়নের অংশ হিসেবেই এসব কর্মকাণ্ডের সূত্রপাত হয়েছিল।
নিয়ন্ত্রণের বাইরে যাওয়া ও অপব্যবহারের ঝুঁকি
যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, চীনের স্টার্টআপ মুনশট এআইয়ের তৈরি ‘কিমি’ মডেল কখনো কখনো অনুমতি না থাকা সত্ত্বেও ইন্টারনেটে প্রবেশের উপায় বের করেছে। এমনকি এসব মডেলকে কৌশলে জৈব অস্ত্র তৈরির উপকরণ ও পদ্ধতি জানাতে বাধ্য করা সম্ভব বলেও অভিযোগ রয়েছে।
চীনের এআই নিরাপত্তাবিষয়ক স্টার্টআপ ফাংচুন এআইয়ের গবেষকেরা গত মাসে সর্বশেষ হালকা সংস্করণের ডিপসিক মডেলটির ওপর একটি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেন। এতে মডেলটির নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি এবং ক্ষতিকরভাবে মানুষকে প্রভাবিত করার সক্ষমতা পরীক্ষা করা হয়।
গবেষকেরা জানান, আগের সংস্করণগুলোর তুলনায় ডিপসিকের নিরাপত্তাব্যবস্থায় ‘স্পষ্ট উন্নতি’ হয়েছে। তবে এমন কিছু আচরণও দেখা গেছে, যেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
উদাহরণ হিসেবে বলা হয়, কয়েকটি পরীক্ষায় ডিপসিককে বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হলে এবং কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকলে, মডেলটি নিজের কাজ চালিয়ে যাওয়ার জন্য বন্ধ করার নির্দেশনাটিই নিষ্কিয় করে দেয়।
ফাংচুন এআইয়ের প্রধান নির্বাহী জিয়াওজিয়ান লি এএফপিকে বলেন, ‘ফলাফল থেকে বোঝা যায়, নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিপসিক এখন আগের চেয়ে অনেক বেশি কাজ করছে।’
চীনের স্বনামধন্য সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করা ফাংচুন এআই বর্তমানে দেশটির হাতে গোনা কয়েকটি স্বাধীন এআই পরীক্ষাকারী প্রতিষ্ঠানের একটি।
লি বলেন, এ ধরনের পরীক্ষা চালানো কঠিন। কারণ উন্নত এআই মডেলগুলো কখন পরীক্ষা করা হচ্ছে, তা বুঝতে পারে এবং সে অনুযায়ী নিজেদের উত্তর বা আচরণ পরিবর্তন করতে পারে।
গভএআইয়ের গবেষক জিলান কিয়ান এএফপিকে বলেন, ‘নির্দিষ্ট মানদণ্ড নিয়ে দুই দেশের সরকারের মধ্যে বাধ্যতামূলক চুক্তিতে পৌঁছানো স্বল্পমেয়াদে কঠিন হতে পারে।’
তবে তার মতে, এআই পরিচালনা ও নিরাপত্তা নিয়ে কাজ করা দুই দেশের গবেষক এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে মতবিনিময়ের মাধ্যমে বেশি অগ্রগতি আসতে পারে।