শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল শুরু, সাইবার হামলার ঘটনা ঘটেনি: কর্তৃপক্ষ

আতাউল্লাহ পলাশ • 14 নভেম্বর 2026, 06:37 সকাল • 6 বার পঠিত
যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল শুরু, সাইবার হামলার ঘটনা ঘটেনি: কর্তৃপক্ষ

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে কয়েক ঘণ্টা ধরে চলা বিমান চলাচল বন্ধের নির্দেশ শুক্রবার প্রত্যাহার করা হয়েছে।

দেশটির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, পুরোনো প্রযুক্তিগত সরঞ্জামের ত্রুটির কারণে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। এর সঙ্গে কোনো সাইবার হামলা কিংবা মাইক্রোসফটের বৈশ্বিক পরিষেবা বিপর্যয়ের সম্পর্ক নেই।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শুক্রবার গভীর রাতে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, দেশটির আকাশসীমায় আবারও বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

ডাফি বলেন, ‘শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) আমরা আকাশসীমায় বিমান চলাচলের অনুমতি দিয়েছি। তবে এর অর্থ এই নয় যে, এখনই সব ফ্লাইট চলাচল শুরু করবে।’

বিমান চলাচলে এই বিপর্যয়ের এক দিন আগে ডাফি এবং হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা (এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম) আধুনিকায়ন ও উন্নয়নের জন্য কংগ্রেসের কাছে আনুষ্ঠানিকভাবে ৩০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছিল।

ডাফি বলেন, ‘আমাদের সুইচ ও রাউটারগুলো অতিরিক্ত তথ্যের চাপে কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং অচল হয়ে পড়ে। মূলত পুরোনো হার্ডওয়্যারের ত্রুটির কারণেই এই সমস্যা হয়েছে। এখন আমেরিকার জনগণের কাছে প্রশ্ন হলো, আপনারা কি চান কংগ্রেস এই ব্যবস্থা আধুনিকায়নের জন্য অর্থ বরাদ্দ করুক?’

তবে এই পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিমান ভ্রমণ নিরাপদ বলে দাবি করেন ডাফি।

এদিকে, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েইন মুলিন দেশটির বিরুদ্ধে সমন্বিত কোনো সাইবার হামলার আশঙ্কা নাকচ করে দিয়েছেন। একই সঙ্গে বিশ্বজুড়ে বিভিন্ন পরিষেবায় প্রভাব ফেলা মাইক্রোসফটের প্রযুক্তিগত বিপর্যয়ের সঙ্গে বিমান চলাচলে বিঘ্নের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।

মুলিন বলেন, সাধারণত সাইবার হামলা বা সাইবার হুমকির ঘটনা ঘটলে হামলাকারীদের কেউ না কেউ এর দায় স্বীকার করে।

তিনি আরও বলেন, ‘আমরা কোনো ধরনের সন্দেহজনক যোগাযোগ বা হামলার চিহ্ন দেখতে পাইনি।’

তবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান মুলিন।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সম্ভাবনাই পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, বিমান চলাচল বন্ধের ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পরও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে দুই শীর্ষ কর্মকর্তা ট্রাম্পের অবস্থানের পক্ষে বক্তব্য দেন।


#আন্তর্জাতিক #বাসস