গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় শুরু হওয়া এ বিক্ষোভে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মো. আমজাদ হোসাইন বলেন, “শ্রমিকেরা একজনের মৃত্যুর গুজব ছড়িয়ে আন্দোলন করছেন। তবে তাঁদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমেছেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।”
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্বচন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বৃহস্পতিবার আন্দোলন করেন। সেদিন পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।
তাদের মধ্যে আহত এক শ্রমিক মারা গেছেন, শনিবার সকালে কারখানাগুলোতে এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে তারা কারখানার কাছেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করনন। তবে এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন।
নাওজোর মহাসড়ক পুলিশের পরিদর্শক মো. মঞ্জুর মোর্শেদ বলেন, পুলিশ ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সকাল সাড়ে ১১টার দিকেও খণ্ড খণ্ড ভাবে শ্রমিকদের আন্দোলন চলছিল এবং মহাসড়ক পুরোপুরি স্বাভাবিক হয়নি।এদিকে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়কে চলাচলকারীর। অনেকে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।