ভারতের কেরালায় ভারী বর্ষণে ভূমিধসের সৃষ্টি
ভারতের কেরালায় ভারী বর্ষণের কারণে ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ১২ জনকে উদ্ধার করা হয়েছে। চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার ভোরে কেরালার ইদুক্কি জেলায় এ ঘটনা ঘটেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, পর্যটন নগরী মুন্নার থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রাজামালি এলাকায় এ ভূমিধসের ঘটনা ঘটেছে। ওই এলাকায় প্রায় ৭০ থেকে ৮০ জন মানুষ বাস করতো। মাটিতে কতজন চাপা পড়ে আছে সেটি এখনো জানা যায়নি।
এ বিষয়ে তালুক কর্মকর্তারা বলেন, ওই এলাকাকে সংযুক্তকারী একটি সেতু গতকাল বৃষ্টির স্রোতে ভেসে গেছে। এতে ওই এলাকায় প্রবেশে অসুবিধার সৃষ্টি হয়েছে। ফলে সেখানে উদ্ধারকারীদের যাওয়া মুশকিল হয়ে পড়েছে।
কেরালার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনাস্থলে কাজের জন্য স্পেশাস টাস্কফোর্সের ৫০ জন সদস্যকে পাঠানো হয়েছে। এছাড়া সেখানে উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য ভারতীয় বিমানবাহিনীর কাছ থেকে হেলিকপ্টার সহায়তা চাওয়া হয়েছে।