বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে পঙ্গপালের হানা

অনলাইন নিউজ পোর্টাল 27 জুন 2020, 08:20 রাত 141 বার পঠিত
ভারতে পঙ্গপালের হানা

সীমান্তে উত্তেজনা, এদিকে বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ তার মাঝেই ভারতে আক্রমণ করেছে পঙ্গপাল। ইতিমধ্যে পঙ্গপালের ঝাঁক হামলা চালিয়েছে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে। এবার উড়ে আসছে রাজধানীর পার্শ্ববর্তী গুরুগ্রামে। গুরুগ্রামের সাইবার হাব এলাকায় শুক্রবার বিকাল থেকেই পঙ্গপালের উপদ্রব শুরু হয়। যার কারণে স্থানীয় বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ রাখার নির্দেশ দেয় জেলা প্রশাসন। থালা-বাসন বাজিয়ে পঙ্গপাল তাড়ানোর পরামর্শও দেয়া হয়। কিন্তু রাত পেরিয়ে গেলেও মরু পতঙ্গের দল এলাকা ছেড়ে যায়নি। বরং শনিবার সকালে গোটা এলাকা পঙ্গপালে ছেয়ে যায়। 

পঙ্গপালের উপদ্রবে ভারতের গ্রামাঞ্চলে শস্যহানির আশঙ্কা রয়েছে। হরিয়ানার ঝাজ্জরে ইতিমধ্যেই পৌঁছে গেছে পঙ্গপালের দল। অন্যদিকে পাশের রাজ্য থেকে পঙ্গপাল এসে ঢুকতে পারে আশঙ্কা করে প্রস্তুতি শুরু করেছে দিল্লি। গুরুগ্রাম-দ্বারকা এক্সপ্রেসওয়েতে ইতিমধ্যেই পঙ্গপালের দেখা মিলেছে। এ জন্য সব বিমান সংস্থাগুলোকে সতর্কতামূলক নির্দেশ দিয়েছে দিল্লি এয়ার ট্র্যাফিক কন্ট্রোল।

পঙ্গপালের গতিবিধি জানতে বিশেষ নজরদারি দল গঠন করা হয়েছে। পঙ্গপাল নিয়ন্ত্রণে ১১টি কন্ট্রোলরুম খুলেছে কেন্দ্রীয় সরকার।