ভারতে বিষাক্ত মদপানে ৮৬ জনের মৃত্যু
বিষাক্ত মদপানে মৃত্যু অনেকটা নিশ্চিত জেনেও মদপান করছে ভারতীয়রা। এতে ভারতের পাঞ্জাবে বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবার ৩৮ জনের মৃত্যু হয়েছিল, শনিবার মারা গেছে আরো ৪৮ জন। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৬ জন।
মদপানে মৃত্যুর এ ঘটনা ঘটেছে পাঞ্জাবের তারান জেলা, অমৃতসর ও গুরদাসপুরে। শুধু তারানেই মারা গেছেন ৬৩ জন। প্রাণহানির প্রথম খবর মেলে বুধবার সন্ধ্যায় অমৃতসর থেকে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাতসংখ্যক মানুষ।
পাঞ্জাব পুলিশ জানিয়েছে, বিষাক্ত মদ বিক্রির সঙ্গে জড়িতদের খোঁজে এ পর্যন্ত শতাধিক অভিযান চালিয়েছে পুলিশ। এসব অভিযানে জেলায় জেলায় অবৈধ মদ কারবারিদের বিশাল চক্র চিহ্নিত হয়েছে। জব্দ হয়েছে বিপুল পরিমাণ মদ। গ্রেফতার করা হয়েছে ২৫ জনকে।
এদিকে অন্ধ্রপ্রদেশের প্রকাসাম জেলায় মদ কিনতে না পেরে বিকল্প হিসেবে স্যানিটাইজার পানের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।